নয়াখবর
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিল্পখাতে মালিক-শ্রমিক দ্বন্দ্ব ও প্রতিকার

অনলাইন ডেস্ক
নভেম্বর ৫, ২০২৬ ২:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাক ও ম্যানুফ্যাকচারিং খাতে বাংলাদেশ নিজের শক্ত অবস্থান তৈরি করেছে। বর্তমানে দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে, যেখানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত রয়েছেন প্রায় ৪০ লাখ শ্রমিক। কিন্তু দেশের অর্থনীতির এই প্রধান চালিকাশক্তিটি বারবার থমকে দাঁড়ায় শ্রমিক-মালিক অসন্তোষ ও অপ্রীতিকর সংঘাতের কারণে। সম্প্রতি শিল্পাঞ্চল গাজীপুর, আশুলিয়া, সাভার ও মিরপুরে বেতন বৃদ্ধি, বকেয়া পরিশোধ এবং কর্ম পরিবেশ নিশ্চিতের দাবিতে শ্রমিকদের রাজপথে নেমে আসা এবং শত শত কারখানা সাময়িক বন্ধ থাকার ঘটনা দেশের শিল্প নিরাপত্তার দুর্বল কাঠামোর ওপর নতুন করে আলোকপাত করেছে। শুধু পোশাক খাত নয়; এ চিত্র প্রায় সকল সেক্টরে বিদ্যমান। শিল্পখাতসহ উদ্যোগ ও উৎপাদনের সরকারি-বেসরকারি সকল ক্ষেত্রে এই ক্রমাগত অস্থিরতা কেবল উৎপাদনকেই ব্যাহত করে না, বরং বৈশ্বিক বাজারে দেশের আস্থা ও অর্থনৈতিক স্থিতিশীলতা মারাত্মক ঝুঁকির মুখে ফেলে।

শিল্প প্রতিষ্ঠানে মালিক ও শ্রমিক পারস্পরিক সুসম্পর্কের ভিত্তি হলো ‘যৌথ দরকষাকষি’ এবং ন্যায়সঙ্গত অধিকার। মালিকের জন্য দেওয়া রাসূলুল্লাহ (সা.) এর নির্দেশনা “শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও।” (সুনাসু ইবন মাজাহ: ২৪৪৩) এবং শ্রমিকের জন্য দেওয়া আল্লাহ তা’আলার নির্দেশনা “হে মুমিনগণ। তোমরা চুক্তিসমূহ পূর্ণ করো।” (সূরা আল-মায়িদাহ, আয়াত ১) পালন এ সম্পর্ক সুদৃঢ় ও সুন্দর করার অন্যতম ভিত্তি। তবে আমাদের দেশে শ্রমিক-মালিক সম্পর্কের ইতিহাস মোটেও সুখকর নয়। এই সংঘাতের মূলে রয়েছে গভীর কাঠামোগত সমস্যা। সংঘাতের সবচেয়ে প্রধান কারণ হলো তীব্র জীবনযাত্রার ব্যয় ও প্রকৃত মজুরির ব্যবধান। ২০২৩ সালে পোশাক খাতের ন্যূনতম মজুরি ১২,৫০০ টাকা নির্ধারণ করা হলেও গত তিন বছরে খাদ্য ও মূল মূল্যস্ফীতি যেভাবে আকাশচুম্বী হয়েছে, তাতে সাধারণ শ্রমিকের জীবনযাত্রার ব্যয় চালানো অসম্ভব হয়ে পড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS) তথ্য মতে, দেশে দীর্ঘদিন যাবত মূল্যস্ফীতি ও মজুরি বৃদ্ধির হারের মধ্যে যে ব্যবধান তৈরি হয়েছে, তা শ্রমিকের প্রকৃত ক্রয়ক্ষমতাকে আশঙ্কাজনকভাবে কমিয়ে দিয়েছে। অপরদিকে ‘গ্লোবাল লিভিং ওয়েজ কোয়ালিশন’ (GLWC)-এর মানদণ্ড অনুযায়ী, ঢাকা ও এর পার্শ্ববর্তী শিল্পাঞ্চলগুলোতে একটি সাধারণ শ্রমিক পরিবারের ন্যূনতম জীবনযাত্রার খরচ ৩-৪ গুণ বেশি, যা ১২,৫০০ টাকার সরকারি ন্যূনতম মজুরির সাথে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ। মজুরির এই অসমতার সাথে যুক্ত হয় বকেয়া বেতন পরিশোধে অনিয়ম ও হঠাৎ কারখানা বন্ধের প্রবণতা। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও অভ্যন্তরীণ আর্থিক সংকটে অনেক মাঝারি ও ছোট কারখানা সময়মতো বেতন-ভাতা মেটাতে পারে না। এতে শ্রমিকের দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ ঘটে রাজপথে। অন্যদিকে, শ্রম আইনের সঠিক প্রতিপালন ও স্বাস্থ্যকর কর্মপরিবেশের অভাব, রাজনৈতিক হস্তক্ষেপ সংঘাতকে আরও উসকে দেয়।

আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর মূল কনভেনশন এবং ‘বাংলাদেশ শ্রম আইন ২০০৬‘ (সংশোধিত)-এ শ্রমিকদের সংগঠন করার অধিকার এবং সামাজিক সুরক্ষার কথা বলা হলেও, বাস্তবে কারখানাস্থলে অনেক ক্ষেত্রেই তা উপেক্ষিত থেকে যায়। ট্রেড ইউনিয়নের স্বাধীনতা না থাকা এবং মালিকদের সঙ্গে সরাসরি আলোচনার প্রাতিষ্ঠানিক সুযোগ না থাকায় ছোটখাটো অসন্তোষও বড় ধরনের সহিংসতায় রূপ নেয়। আস্থার এই ঘাটতির সুযোগে মাঝেমধ্যে স্বার্থান্বেষী তৃতীয় পক্ষ বা উসকানিমূলক উপাদান সংঘাতের আগুনে ঘি ঢালে। আন্তর্জাতিক শ্রম সংস্থাও (ILO) তার ‘রোডম্যাপ (২০২১-২০২৬)’ এবং বিভিন্ন পর্যবেক্ষণ প্রতিবেদনে বাংলাদেশে শ্রম আইন সংস্কার, কর্মক্ষেত্রে ট্রেড ইউনিয়ন নিবন্ধনে জটিলতা দূরীকরণ এবং কার্যকর শ্রম পরিদর্শন (Labour Inspection) ব্যবস্থার তাগিদ দিয়ে আসছে। বৈশ্বিক ক্রেতারাও এখন শ্রম মান বা ‘সোশ্যাল কমপ্লায়েন্স’ মেনে চলার বিষয়ে কঠোর অবস্থান নিচ্ছেন। এমতাবস্থায় কেবল আইন প্রয়োগকারী সংস্থা দিয়ে কারখানা রক্ষা বা শ্রমিক দমন কোনো স্থায়ী সমাধান এনে দিতে পারে না। সংঘাতের টেকসই নিরসনে বহুমাত্রিক নীতিগত পদক্ষেপ গ্রহণ অপরিহার্য।

প্রথমত, ক্রমবর্ধমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে শ্রমিকদের জন্য নিয়মিত ও যৌক্তিক মজুরি পর্যালোচনার কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যতদিন না সার্বিক মজুরি বৃদ্ধি করা যাচ্ছে, ততদিন শিল্পাঞ্চলগুলোতে বিশেষ ‘রেশন কার্ড’ প্রবর্তনের মাধ্যমে ভর্তুকি মূল্যে শ্রমিকদের খাদ্যসামগ্রী (চাল, ডাল, তেল ইত্যাদি) সরবরাহের পদক্ষেপ নেওয়া যেতে পারে। এতে শ্রমিকের প্রকৃত জীবনযাত্রার ব্যায় যেমন কমবে, তেমনই মালিকের ওপর তাৎক্ষণিক অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হবে না।
দ্বিতীয়ত, কারখানা পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত ‘ত্রিপক্ষীয় সামাজিক সংলাপ’ (Tripartite Dialogue)-যা মালিক, শ্রমিক ও সরকারের সমন্বয়ে গঠিত-জোরদার করতে হবে। কারখানার ভেতরে অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তির সুনির্দিষ্ট ও নিরপেক্ষ সেল থাকা প্রয়োজন, যাতে যেকোনো ছোট সমস্যা আন্দোলনের রূপ নেওয়ার আগেই টেবিলে বসে সমাধান করা যায়।

তৃতীয়ত, শ্রম আইনের যথাযথ বাস্তবায়ন এবং দুর্বল কারখানাগুলোর আর্থিক সক্ষমতা বাড়াতে সমন্বিত তদারকি বাড়াতে হবে। যেসকল কারখানা নিয়মিত বেতন দিতে ব্যর্থ হয়, শ্রম মন্ত্রণালয় এবং বিজিএমইএ/বিকেএমইএ-এর যৌথ তদারকি সেলের মাধ্যমে সেগুলোর আর্থিক সংকট চিহ্নিত করে নীতিগত সমাধান প্রদান করতে হবে। একইসাথে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠন ও দরকষাকষির আইনগত অধিকার নিশ্চিত করতে হবে, যাতে দায়িত্বশীল নেতৃত্বের বিকাশ ঘটে।

শিল্পায়নের মূল ভিত্তি হলো অর্থনৈতিক নৈতিকতা, ন্যায়বিচার ও সংহতি। শ্রমিক ও মালিক পরস্পর বিরোধী কোনো পক্ষ নয়, বরং একই মুদ্রার দুই পিঠ। এক পক্ষকে বাদ দিয়ে অপর পক্ষের অস্তিত্ব ও প্রবৃদ্ধি অসম্ভব। সংঘাতের রাজনৈতিক বা বাহ্যিক দোহাই না দিয়ে মূল অর্থনৈতিক ও কাঠামোগত কারণ সমাধান করাই এখন সময়ের প্রধান দাবি। একটি শক্তিশালী শ্রম তদারকি ব্যবস্থা, ন্যায্য মজুরি এবং পরস্পরের প্রতি আস্থার মেলবন্ধনই পারে বাংলাদেশের শিল্পখাতকে দীর্ঘমেয়াদে টেকসই ও সংঘাতমুক্ত রাখতে। রাসূলুল্লাহ (সা.) বলেন, “তিন ব্যক্তির বিরুদ্ধে কিয়ামতের দিন আমি নিজেই বাদী হব। তাদের একজন হলো সেই ব্যক্তি, যে কোনো শ্রমিককে কাজে নিয়োগ করে তার কাছ থেকে পূর্ণ কাজ আদায় করে নেয়, কিন্তু তাকে তার পারিশ্রমিক দেয় না।” (সহিহ বুখারি, হাদিস নং ২২৭০।) অপর দিকে উভয়ের দায়িত্বানুভূতি জাগ্রত রাখার তাগিদ দিয়ে তিনি বলেন, “তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্বাধীন ব্যক্তিদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আর সেবক তার মনিবের সম্পদের দায়িত্বশীল এবং তাকে সে ব্যাপারে জিজ্ঞাসা করা হবে।” (সহিহ বুখারি, হিাদিস নং ৮৯৩।) তাই প্রত্যেকে নিজ জায়গা থেকে দায়িত্বশীলতার ভূমিকা পালন করে অপরের হক সম্পর্কে সচেতন হতে পারলে বাংলাদেশের শিল্পায়নের সকল ক্ষেত্রে মালিক-শ্রমিকের সম্পর্ক সমুন্নত করে এ দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।

লেখক:

সহকারি অধ্যাপক ও চেয়ারম্যান

ইসলামিক স্টাডিজ বিভাগ,

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।