নয়াখবর
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পরিচালন ব্যয়ের অজুহাতে সি-ট্রাক বন্ধ রাখা দ্বীপবাসীর প্রতি অবিচার; সরকার ও জনপ্রতিনিধিদের ব্যর্থতা গ্রহণযোগ্য নয়: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

অনলাইন ডেস্ক
নভেম্বর ২৫, ২০২৬ ৬:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

 

কুতুবদিয়া-মগনামা নৌপথে পরিচালন ব্যয়ের অজুহাতে দীর্ঘদিন ধরে সি-ট্রাক চলাচল বন্ধ রাখা দ্বীপবাসীর প্রতি অবিচার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

এক বিবৃতিতে তিনি বলেন, কুতুবদিয়া-মগনামা নৌপথে দীর্ঘদিন ধরে সি-ট্রাক চলাচল বন্ধ থাকায় দ্বীপের লাখো মানুষ চরম দুর্ভোগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীদেরও ঝুঁকিপূর্ণ ডেনিশ বোটে উত্তাল সাগর পাড়ি দিতে হচ্ছে। সম্প্রতি ঘূর্ণিঝড় আকাভানের প্রভাবেও মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়েছে।

তিনি বলেন, পরিচালন ব্যয়ের অজুহাতে ‘এসটি জব্বার’ সি-ট্রাক বন্ধ রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব। প্রয়োজনে সরকারি ভর্তুকি দিয়ে এ সেবা চালু রাখতে হবে। অথচ দীর্ঘদিনেও সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে সংকট সমাধানে দৃশ্যমান কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। জনগণের জীবন-মরণ সমস্যায় এই উদাসীনতা ও নিষ্ক্রিয়তা দায়িত্ব পালনে চরম ব্যর্থতার পরিচয়।

ড. হামিদ আযাদ বলেন, কুতুবদিয়ার বিভিন্ন ঘাট ও নৌপথ ইজারা দিয়ে প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব আদায় করা হচ্ছে। সেই রাজস্বের একটি অংশ দ্বীপবাসীর নিরাপদ নৌযোগাযোগ নিশ্চিত করতে ব্যয় করা হবে না কেন? ইজারা ও রাজস্ব আদায়ে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে।

তিনি অবিলম্বে সি-ট্রাক চালুর সময়সীমা ঘোষণা, প্রয়োজনীয় ভর্তুকি, মাঝারি আকারের নৌযান দিয়ে ঘনঘন ট্রিপ পরিচালনা এবং বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর সমন্বিত ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানান। সি-ট্রাক চালু না হওয়া পর্যন্ত বিকল্প নিরাপদ নৌযানের ব্যবস্থা করারও আহ্বান জানান তিনি।

একই সঙ্গে মহেশখালী-কক্সবাজার নৌপথে দীর্ঘদিনের অনিয়ম, অতিরিক্ত ভাড়া ও যাত্রী হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান সাবেক এই সংসদ সদস্য।

তিনি বলেন, কুতুবদিয়াবাসীর নিরাপদ যাতায়াত কোনো অনুগ্রহ নয়, এটি তাদের ন্যায্য অধিকার। মানুষের জীবনের চেয়ে পরিচালন ব্যয়ের হিসাব বড় হতে পারে না। দ্বীপবাসীর দুর্ভোগের দায় সরকার ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা এড়াতে পারেন না।