সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, কেবল চিকিৎসা নয়, প্রতিটি ক্ষেত্রে এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নে দেশব্যাপী ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতেও সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
মন্ত্রী ৩০ মার্চ ২০২৬ (সোমবার) রাজধানী ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) হার্ট ফেইলিওর ডিভিশন এবং বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির উদ্যোগে আয়োজিত বাংলাদেশে প্রথমবারের মতো এই আন্তর্জাতিক সম্মেলনে হার্ট ফেলিওর বা হৃদযন্ত্রের অকার্যকরিতার উন্নত চিকিৎসা এবং বৈজ্ঞানিক সেশনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
হার্ট ফেইলিওর সম্মেলনে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির কনভেনার প্রফেসর ডঃ মোঃ শফিউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, গাজীপুর ৩ আসনের সংসদ সদস্যসহ দেশি-বিদেশি খ্যাতনামা চিকিৎসক এবং বিভিন্ন মেডিকেলের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক ইমেজিংয়ের মাধ্যমে দ্রুত ও সঠিক রোগ নির্ণয় প্রয়োজনীয়তার উপর জোরদেন । তিনি বলেন, হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরি এবং রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।
তিনি অভিজ্ঞ চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ যেন কম খরচে হার্টের উন্নত চিকিৎসা পায় সেজন্য সম্মাননায় খ্যাত আপনাদের মত চিকিৎসক তৈরি করতে হবে, তাহলে দেখবেন আপনারা রোগীর কাছে নয় রোগীরা আপনাদের কাছে চিকিৎসা নিতে ভিড় করবে, তখন আপনারাও গর্বিত বোধ করবেন।
তিনি আরো বলেন, দেশে হৃদরোগ বিশেষজ্ঞ ও দক্ষ জনবল তৈরি করতে সরকার বিদেশে উচ্চতর প্রশিক্ষণ এবং গবেষণায় বিশেষ গুরুত্ব দিচ্ছে।
মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন থেকে প্রাপ্ত অভিজ্ঞতা ও জ্ঞান ভবিষ্যতে বাংলাদেশের স্বাস্থ্যখাতে নীতি নির্ধারণে সহায়ক হবে।
বিশেষ অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন চিকিৎসকদের উদ্দেশ্যে সম্বোধন করে বলেন, আপনারা যে পেশায় নিযুক্ত এটি অত্যন্ত গৌরবের। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে খুব কঠিন পথে আছি। এদেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি প্রধানত চিকিৎসকদের সহযোগিতা ছাড়া দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব নয়।
তিনি বলেন সরকার এমন একটি স্বাস্থ্য কাঠামো তৈরি করতে চায় যেখানে দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষ যেন কম খরচে হার্টের উন্নত চিকিৎসা পায়। তিনি স্বাস্থ্যখাতের উন্নয়নে সেবামূলক মনোভাব নিয়ে রোগীর সেবায় আরো আন্তরিক ও সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।
দিনব্যাপী বৈজ্ঞানিক সেশন, প্যানেল আলোচনা এবং অভিজ্ঞ চিকিৎসকদের বক্তৃতায় চিকিৎসকগণ বলেন, দেশে হৃদরোগ চিকিৎসায় ব্যাপক পরিবর্তন আনা এবং সাধারণ মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই আয়োজনের মূল লক্ষ্য ছিল।
