নয়াখবর
মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দিল্লি বিমানবন্দরের ঘটনা ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
জুন ১৫, ২০২৬ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

 প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনাকে  ‘‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা ‘অনাকাঙ্ক্ষিত, দুঃখজনকও বটে।’

তিনি বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নিচ্ছে এবং পরবর্তী সময়ে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করা হবে।

সোমবার থেকে দিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) দুই দিনব্যাপী বৈঠকে অংশ নিতে রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ওই বৈঠকে তার বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল।

কূটনৈতিক ও গণমাধ্যমের খবর অনুযায়ী বিমানবন্দরে নিয়মিত স্ক্রিনিংয়ের সময় একটি নজরদারি তালিকায় উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের নাম উঠে আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং দীর্ঘক্ষণ অপেক্ষায় রাখা হয়। পরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ভারতে প্রবেশের অনুমতি দিলেও দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে তিনি সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।

রোববার রাতে ঢাকার কোনো সরাসরি ফ্লাইট না থাকায় ডা. জাহেদ সোমবার কলম্বো হয়ে দেশে ফিরে আসেন। উপদেষ্টা সার্ক ভিসাসহ একটি সাধারণ বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভ্রমণ করছিলেন এবং তার সাথে কোনো কূটনৈতিক পাসপোর্ট ছিল না।

নয়াদিল্লিতে ১৫-১৬ জুন ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওঅআরএ) সিনিয়র অফিসিয়ালস কমিটির (সিএসও) ২৮তম সভা অনুষ্ঠিত হচ্ছে। ‘ইনোভেশন, ওপেননেস, রেজিলিয়েন্স এন্ড অ্যাডাপ্টেবিলিটি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভারত মহাসাগরীয় অঞ্চলের অগ্রগতি পর্যালোচনা, আঞ্চলিক অগ্রাধিকার নিয়ে আলোচনা এবং সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আইওআরএ  সদস্য রাষ্ট্রগুলোর ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

সিএসও হলো আইওআরএ’র দ্বিতীয় সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা এবং এটি এই সংস্থার প্রধান সমন্বয়কারী  হিসেবে কাজ করে।