নয়াখবর
মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২৭ জুলাই চালু হচ্ছে ঢাকা – নারিতা- ঢাকা সরাসরি ফ্লাইট- বিমানমন্ত্রী

অনলাইন ডেস্ক
জুন ১৫, ২০২৬ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

 এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রথমে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে।

সোমবার  সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এ তথ্য জানান। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

বিমানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্যিক, অর্থনৈতিক ও জনসম্পৃক্ত সম্পর্কের বাস্তবতায় ঢাকা-নারিতা-ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। সরকার দায়িত্ব গ্রহণের পর দুই দেশের মধ্যে যোগাযোগ আরো জোরদার করার লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দ্রুত এই রুটে ফ্লাইট পুনরায় চালুর নির্দেশনা দেওয়া হয়।

আফরোজা খানম বলেন, শুরুতে ৩০ জুনের মধ্যে ফ্লাইট চালুর পরিকল্পনা থাকলেও জাপানের সিভিল অ্যাভিয়েশন ব্যুরো (জেসিএবি) প্রয়োজনীয় সেফটি অডিট সম্পন্ন করতে প্রায় ৪৫ দিন সময় চাওয়ায় ফ্লাইট চালুর সম্ভাব্য তারিখ ২৭ জুলাই নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, প্রাথমিক পর্যায়ে বিমানের ওয়াইড বডি বোয়িং ৭৮৭-৮০০ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালিত হবে। পরবর্তীতে বহরে নতুন উড়োজাহাজ যুক্ত হওয়া এবং বাণিজ্যিক সম্ভাবনা বিবেচনায় ফ্লাইটের সংখ্যা ধাপে ধাপে বাড়ানো হবে।

আগামী ২০ জুন থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটের টিকিট বিক্রি শুরু হবে এবং বিমানের ওয়েবসাইটসহ সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে টিকিট উন্মুক্ত করা হবে।

মন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি ঢাকা-নারিতা-ঢাকা রুটটি পুনরায় চালু হওয়ার ফলে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও পারস্পরিক সম্পর্ক আরো জোরদার হবে এবং দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর হবে।

তিনি আরো বলেন, আন্তর্জাতিক রুটকে বাণিজ্যিকভাবে লাভজনক করে তুলতে কিছুটা সময় প্রয়োজন হয়। কার্যকর বিপণন কৌশল, যাত্রী আস্থা বৃদ্ধি এবং সুষ্ঠু পরিচালনার মাধ্যমে ঢাকা-নারিতা রুটকে দীর্ঘ মেয়াদে লাভজনক ও টেকসই করা সম্ভব হবে বলে সরকার আশাবাদী।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, রুটটির বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে এবং জাপানে বসবাসরত বাংলাদেশি কর্মী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বর্তমানে জাপানে ৪০ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মী রয়েছেন। তাদের পাশাপাশি ব্যবসায়ী ও পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে এই রুট পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অপারেশনাল ও বাণিজ্যিক চ্যালেঞ্জের কারণ দেখিয়ে ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়। এর আগে দীর্ঘ ১৭ বছর বন্ধ থাকার পর ২০২৩ সালের সেপ্টেম্বরে এই রুটে পুনরায় ফ্লাইট চালু করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রুটটি জাপানের সাথে বাংলাদেশের একমাত্র সরাসরি বিমান যোগাযোগ এবং দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও ব্যবসায়িক ভ্রমণ সহজতর করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য কেবল একটি একক রুট পুনরুদ্ধার করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বাংলাদেশের বৈশ্বিক যোগাযোগ বৃদ্ধি করা, নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি এবং আন্তর্জাতিক এভিয়েশন খাতে দেশের অবস্থানকে আরো শক্তিশালী করা।