ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে আগামীকাল ২৬ সেপ্টেম্বর (শনিবার) ৭৫টি ওয়ার্ডে একযোগে পালিত হতে যাচ্ছে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান বা ‘সাপ্তাহিক ক্লিনিং ডে’। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে আগামী তিন মাস প্রতি শনিবার এ অভিযান অব্যাহত থাকবে।
ডিএসসিসির ‘বর্ষা পূর্ব জরিপ ২০২৬’-এর তথ্য অনুযায়ী, এডিস মশার লার্ভা বহুতল ভবনে ৩৫.২৩%, স্বতন্ত্র বাড়িতে ২৭.৭৬%, নির্মাণাধীন ভবনে ১৭.৪৪% এবং সেমিপাকা বাড়িতে ১৪.৫৯% পাওয়া গেছে। প্রজননক্ষেত্রের ধরন বিশ্লেষণে দেখা যায়, প্লাস্টিকের ড্রামে ৮.৮৯%, মেঝেতে জমে থাকা পানিতে ১২.২৬% এবং বালতির পানিতে ১০.৩৪% লার্ভা শনাক্ত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বসতবাড়ি বা ব্যক্তিগত আঙিনায় জমা পানি, ফুলের টব, এসি-ফ্রিজের ট্রে, কিংবা বাথরুমের কমোডে জন্মানো এডিস মশা নিয়ন্ত্রণ সিটি করপোরেশনের পক্ষে একা সম্ভব নয়। নিজ বাসাবাড়িতে প্রজনন হওয়া মশা পরিবারের সদস্যদের জন্যই সবচেয়ে বড় হুমকির কারণ। ফলে ডেঙ্গু নিয়ন্ত্রণে কেবল ওষুধ ছিটানোই যথেষ্ট নয়; বরং নিজ নিজ বাসাবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখাই মূল সমাধান।
অভিযানের অংশ হিসেবে আগামীকাল সকাল থেকে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের আবাসিক এলাকা, সড়ক, ড্রেন, ছাদ ও নির্মাণাধীন ভবনে কার্যকর লার্ভিসাইডিং ও অ্যাডাল্টিসাইডিং চালানো হবে। একই সাথে জমে থাকা পানি, পরিত্যক্ত ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র, টায়ারসহ অন্যান্য বর্জ্য অপসারণ করা হবে।
এছাড়া, সচেতনতা বাড়াতে ৭৫টি ওয়ার্ডেই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে এবং ঘরে ঘরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে। ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম ওয়ার্ড পর্যায়ের এই ‘ক্লিনিং ডে’ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন।
আগামীকাল সকালে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও চারপাশের পরিবেশ পরিষ্কার রেখে এবং কোথাও পানি জমতে না দিয়ে ‘সাপ্তাহিক ক্লিনিং ডে’ সফল করতে সর্বস্তরের নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ কামনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
একই সাথে, নগরবাসীকে সচেতন করতে এবং কোথাও ৩ দিনের বেশি পানি জমতে না দেওয়ার বার্তা পৌঁছে দিতে গণমাধ্যমের সার্বিক সহযোগিতা চেয়েছে ডিএসসিসি।
