নয়াখবর
রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাংস্কৃতিক বহুত্ববাদ না বুঝে নববর্ষের গায়ে নানা মতের সুযোগ তৈরি হচ্ছে : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
এপ্রিল ১৪, ২০২৬ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলা সংস্কৃতির মধ্যে যে বহু মিলন ও বহুত্ববাদের বৈশিষ্ট্য নিহিত তা বুঝতে না পেরে কেউ কেউ জোর করে বাংলা নববর্ষের গায়ে নানা মতের মুখোশ পরাতে চান।

 মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩৩’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলা নববর্ষের ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘মোগলরা যখন এই সনের প্রবর্তন করেন, তখন তারা হিজরি সাল থেকে সংখ্যা গ্রহণ করেছেন এবং এর সারবস্তু হিসেবে কৃষকের ফসল ও হালখাতার সংস্কৃতিকে গ্রহণ করেছেন। ফলে এর মধ্যেই নিহিত রয়েছে আমাদের বাংলাদেশী সংস্কৃতি।’

জহির উদ্দিন স্বপন আরও বলেন, ‘বাংলা নববর্ষ উদযাপনের মধ্যেই সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে এক ঐক্যের মিলন ঘটে। এই উৎসব আমাদের সম্মিলিত ঐক্যের এক অনন্য রূপ।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশকে যেমন নিজের পায়ে দাঁড় করাতে হবে, তেমনি নিজেদের চিন্তা ও সংস্কৃতিকে উর্ধ্বে তুলে ধরতে হবে। জাতীয় প্রেস ক্লাব এই ধরনের সাংস্কৃতিক চর্চার যে ধারাবাহিকতা রাখছে, তা সত্যিই প্রশংসনীয়।’

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে সকাল থেকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রেস ক্লাবে বর্ষবরণ উৎসব শুরু হয়। অনুষ্ঠানে ঐতিহ্যবাহী পুতুলনাচ, বাউল গানসহ নানা সাংস্কৃতিক কর্মসূচি পরিবেশিত হয়। উৎসবের আমেজ যোগ করতে আমন্ত্রিত অতিথি ও ক্লাব সদস্যদের জন্য খই, মুড়ি-মুড়কি, গুড়ের পায়েস, হাওয়াই মিঠাই ও পান্তা-ইলিশসহ দেশীয় খাবারের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং তাঁদের পরিবারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তব্য শেষে মন্ত্রী উপস্থিত শিশুদের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন