নয়াখবর
মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দিনে ১০টির বেশি খুন ও আইন-শৃঙ্খলার অবনতিতে উদ্বেগ খেলাফত মজলিসের

অনলাইন ডেস্ক
জুন ১৮, ২০২৬ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

 

খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতৃবৃন্দ গভীর উদ্বেগের সাথে বলেন, ক্ষমতাসীন দলের আভ্যন্তরীণ কোন্দল, আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য বিস্তারের লড়াই ও আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘর্ষে দেশজুড়ে খুন, টার্গেট কিলিং ও বন্দুক হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে| এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে| পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত তিন মাসে সারা দেশে ৯১৫টি হত্যাকাণ্ডের মামলা নথিভুক্ত হয়েছে| অর্থাৎ গড়ে প্রতিদিন ১০টিরও বেশি খুনের ঘটনা ঘটেছে|

অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার, আইন প্রয়োগকারী সংস্থার দুর্বলতা এবং বিগত কয়েক বছরে শীর্ষ অপরাধীদের মুক্তি ও দেশে ফিরে আসা সহিংসতা বাড়ার মূল কারণ| আমরা অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানাই| স্বাধীন পুলিশ কমিশন গঠনের মাধ্যমে পুলিশের জবাবদিহিতা ও পেশাদারিত্ব উন্নতি করার দাবি জানাই|স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁর মন্ত্রণালয়ের প্রতি আরো মনোনিবেশের আহ্বান জানাই|

অন্যদিকে ধর্ষণ, মাদক, অশ্লীলতা, কিশোর গ্যাং, চুরি ও ছিনতাই প্রভৃতি অপরাধের মাত্রাও বৃদ্ধি পাচ্ছে| দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার ঊর্ধ্বে উঠেছে| লোডশেডিংয়ের পরিমাণ বেড়েছে| অর্থনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে| এই অবস্থা থেকে দেশের মানুষ মুক্তি চায়|

বুধবার সন্ধ্যায়  পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত সাপ্তাহিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শায়খুল ইসলাম, খন্দকার শাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, হাজী নুর হোসেন, আবুল হোসেন প্রমুখ|