মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার আমলে গুম, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে ‘মায়ের ডাক’ বিশ্ব জনমত গড়ে তুলেছিল।
দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে সাজেদুল ইসলাম সুমন একটি ব্র্যান্ড হয়ে উঠেছিলেন বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার ১৪ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ঐতিহাসিক লাউর ফতেহপুর খেলার মাঠে লাউর ফতেহপুর গ্রামের যুব সম্প্রদায়ের উদ্যোগে বিগত স্বৈরাচার সরকারের আমলে বলপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের স্মরণে ‘সাজেদুল ইসলাম সুমন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এ তিনি এসব কথা বলেন।
সাজেদুল ইসলাম সুমনের স্মৃতিতে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, ‘আজকে যার স্মৃতিতে আমরা এই ফুটবল টুর্নামেন্ট আয়োজনটা দেখছি—সাজেদুল ইসলাম সুমন। আপনাদের কৃতি সন্তান।’
ইশরাক হোসেন বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে সাজেদুল ইসলাম সুমন একটি ব্র্যান্ড হয়ে উঠেছিলেন। সানজিদা ইসলাম তুলি বছরের পর বছর ‘মায়ের ডাক’ প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন এবং স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার আমলের গুম, অন্যান্য অত্যাচার-নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তুলেছিলেন।
তিনি আরও বলেন, ‘আমাদের ২৪-এর গণঅভ্যুত্থান যেটি হয়েছিল, তার অন্যতম প্রেক্ষাপট রচনার জন্য “মায়ের ডাক” এবং সানজিদা ইসলাম তুলি এবং সেটার জন্য সর্বোচ্চ আত্মত্যাগ দিয়েছেন আপনাদের কৃতি সন্তান সাজেদুল ইসলাম সুমন।’
সাজেদুল ইসলাম সুমনকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে ইশরাক হোসেন বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে যারা গুম হয়েছেন, শহীদ হয়েছেন, তাঁদেরও স্মরণ করছেন তিনি। বিশেষ করে ২৪-এর গণঅভ্যুত্থানের সব শহীদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান, মো. কামরুজ্জামান রতন, সানজিদা ইসলাম তুলি-সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
