আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, গত দুই দশকে আইন কমিশনের পেছনে জনগণের প্রায় ১৫০ কোটি টাকা খরচ হলেও ফলাফল অত্যন্ত নগণ্য। কমিশন এ পর্যন্ত ১৬৯টি সুপারিশ করলেও সরকার গ্রহণ করেছে মাত্র ৮টি।
সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসরের পর কেন আইন কমিশনের চেয়ারম্যান বা বিভিন্ন করপোরেট পদে নিয়োগ পাবেন, তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। মন্ত্রীর মতে, অবসরের পর এমন লোভনীয় পদ বিচার বিভাগের নিরপেক্ষতা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।
তিনি বার কাউন্সিলের পরীক্ষা পদ্ধতি আধুনিক করার ওপর জোর দিয়েছেন। পাশাপাশি একজন অবসরপ্রাপ্ত বিচারপতির বিরুদ্ধে ওকালতি করতে গিয়ে এক মক্কেলের কাছ থেকে সোয়া কোটি টাকা নিয়েও কাজ না করার অভিযোগের কথা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন।
সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও ইউএনডিপি আয়োজিত এক ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
