নয়াখবর
মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

SBs64 অধিবেশনে বাংলাদেশের অগ্রগতি ও COP31 প্রস্তুতি নিয়ে প্রতিনিধিদলের সমন্বয় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
জুন ১৬, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

 

মঙ্গলবার  (১৬ জুন) জার্মানীতে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কাঠামো কনভেনশন (UNFCCC)-এর সদর দপ্তর বনে বাংলাদেশের প্রতিনিধিদলের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় UNFCCC-এর অধীনে চলমান SBs64 (Subsidiary Bodies 64) অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ, বিভিন্ন আলোচনায় দেশের অবস্থান এবং অর্জিত অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। একই সঙ্গে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য আগামী COP31 সম্মেলনকে সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি, অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়সমূহ এবং কৌশলগত কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় COP31-এ বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও কার্যকরভাবে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি (Loss and Damage), প্রযুক্তি স্থানান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থ সংরক্ষণে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় মাননীয় প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বাংলাদেশের অগ্রাধিকারমূলক বিষয়গুলো আন্তর্জাতিক পরিসরে সুসংহত ও ফলপ্রসূভাবে তুলে ধরার লক্ষ্যে প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে সমন্বয় ও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বাংলাদেশের পক্ষে চলমান জলবায়ু আলোচনা, সম্ভাব্য চ্যালেঞ্জ ও সুযোগ, এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে মতবিনিময় করেন। তিঁনি বাংলাদেশের স্বার্থরক্ষায় ঐক্যবদ্ধ ও সমন্বিত অবস্থান বজায় রেখে আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু আলোচনায় গঠনমূলক ও দায়িত্বশীল অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর ন্যায্য স্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ।