নয়াখবর
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ জনগণ দেবে না: মাওলানা আবদুল হালিম

অনলাইন ডেস্ক
নভেম্বর ২৫, ২০২৬ ৯:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

 

সরকারি দলের চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্য ফ্যাসিস্টদের খোলাখুলিভাবে মাঠে আসার সুযোগ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি বলেন, “ফ্যাসিস্টদের ফিরে আসার কোনো সুযোগ নেই, এটি তাদের আস্ফালন মাত্র। ২০০৪ সালের মতো ট্রাম্প কার্ডের নানা ধোঁয়াশা তৈরি করে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার কোনো সুযোগ দেশের জনগণ দেবে না।”

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রংপুর নগরীর শাপলা চত্বরস্থ মহানগর জামায়াত কার্যালয়ে ২০২৭-২৮ সেশনের মহানগরী মজলিসে শূরার প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আবদুল হালিম বলেন, ফ্যাসিস্টরা নাশকতা করে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে যাচ্ছে এবং কোথাও কোথাও ফ্যাসিস্টদের প্রতি অনুকম্পা কাজ করছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের নামে যারা এখন জ্বালাও-পোড়াও করছে, তারা একসময় বলেছিল ‘যে হাত দিয়ে আগুন দেবে, সে হাত পুড়িয়ে দেওয়া হবে’। সেই কথা এখন তাদের জন্যই প্রযোজ্য।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের গুজবের বিষয়ে জামায়াতের এই নেতা বলেন, তারা জানে ফ্যাসিস্টরা ফিরে এলে রায় কার্যকর হবে। শেখ হাসিনার এমন সাহস নেই যে, ফাঁসির মঞ্চে যাওয়ার সাহস দেখাবে। ২০০৪ সালে যেমন ট্রাম্প কার্ডের রাজনীতির মাধ্যমে হুলস্থুল তৈরি করা হয়েছিল, এখনও সেরকম ধোঁয়াশা তৈরি করা হচ্ছে। এ বিষয়ে দেশবাসীকে সজাগ থাকতে হবে।

অধিবেশনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্বে ২০২৭-২০২৮ কার্যকালের জন্য রংপুর মহানগর জামায়াতের নতুন নেতৃত্ব ও কর্মপরিষদ গঠন করা হয়। এতে মহানগর নায়েবে আমীর হিসেবে কেএম আনোয়ারুল হক কাজল, সেক্রেটারি হিসেবে রায়হান সিরাজী এবং সহকারী সেক্রেটারি হিসেবে আলামিন হাসান ও এডভোকেট কাওছার আলী নির্বাচিত হন। পাশাপাশি ১৩ সদস্যের পুরুষ কর্মপরিষদ এবং ১৩ সদস্যের নারী কর্মপরিষদ গঠন করা হয়। নবগঠিত নেতৃত্বের পাশাপাশি মজলিসে শূরার সদস্যদেরও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

রংপুর মহানগর জামায়াতের আমীর এটিএম আজম খান নবনির্বাচিত দায়িত্বশীল এবং কর্মপরিষদ ও মজলিসে শূরার সদস্যদের শপথবাক্য পাঠ করান। এ সময় সংগঠনের নতুন কার্যকালের দায়িত্ব পালনে তাদের সাংগঠনিক অঙ্গীকার ও আনুগত্যের শপথ গ্রহণের মধ্য দিয়ে অধিবেশনের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খানের সভাপতিত্বে অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল। এ ছাড়া মহানগর জামায়াত এবং মহিলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং বিভিন্ন থানা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।