নয়াখবর
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগনের পক্ষে দাঁড়ান : মোহাম্মদ সেলিম উদ্দিন

অনলাইন ডেস্ক
অক্টোবর ২৮, ২০২৬ ৬:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

 

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও প্রচারপত্র বিলি কর্মসূচিতে সরকারকে উদ্দেশ করে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

রাজধানীর তেজগাঁওয়ের নাবিস্কো মোড়ে বুধবার বেলা ১১টায় ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও প্রচারপত্র বিলি কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, বিদ্যুৎ, সার, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। ক্ষমতায় এসে জনগণের স্বার্থ রক্ষার পরিবর্তে নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে তারা। অতীতে দলীয়করণ হলেও মাত্র আট মাসে যেভাবে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে, তা দেশের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসকে নতুনভাবে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

তিনি আরও বলেন, যে দল নিজেদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না, তারা কীভাবে দেশ পরিচালনা করবে? দেশে কোনো ধরনের দুর্নীতি, চাঁদাবাজি ও মাস্তানি চলতে দেওয়া যাবে না। যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, লংমার্চের পর সারা দেশের মানুষকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর কর্মসূচি পালন করা হবে। জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় মানুষ প্রস্তুতি নিচ্ছে। দ্রুত গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে এবং দেশে জনগণের শাসন নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, হাসপাতালে হামলার ঘটনায় সংশ্লিষ্ট সংসদ সদস্যকে সরিয়ে দিয়েই যেন দায় শেষ করা হয়েছে। অথচ জনগণের সমস্যার কথা বলায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে মিথ্যা মামলায় আটক রাখা হয়েছে। আমরা অবিলম্বে তাঁর মুক্তি দাবি করছি। দ্রুত মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের গণরায়ের বিরুদ্ধে অবস্থান না নিয়ে জনগণের পক্ষে দাঁড়ান। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতি চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

এ সময় তিনি ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান।
তেজগাঁও উত্তর থানা আমীর( ২৫ নং ওয়ার্ড) আহসান উল্লাহর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন ও আতাউর রহমান সরকার, বক্তব্য রাখেন মহানগরী মজলিসে শূরা সদস্য এডভোকেট জিল্লুর রহমান, কলিম উল্লাহ ও নাসিফুল হক নাসিফ প্রমুখ।

ফ্রি সুন্নতে খৎনা
——————
*আমরা ঢাকা শহরকে বদলানোর যে কথা দিয়েছি তা কথা দিয়ে নয় তা কাজের মাধ্যমে প্রমাণ করবো : মোহাম্মদ সেলিম উদ্দিন*

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ও নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে বুধবার (২৮ অক্টোবর) সকাল ০৯:৩০ ঘটিকায় রাজধানীর মিরপুরে ইসলামি ব্যাংক হাসপাতালে বিনামূল্যে সুন্নতে খৎনা কর্মসূচির আয়োজন করা হয়েছে। নগর উন্নয়ন ফোরাম, ঢাকার আয়োজনে এ কর্মসূচিতে আজ ৫৫ জনকে সুন্নতে খৎনা করানো হয়।

কর্মসূচিতে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আমরা ঢাকা শহরকে বদলে দেওয়ার লক্ষ্য নিয়ে ছুটে চলছি। নগরবাসীর জীবনের প্রয়োজনীয় কাজগুলো সহজ করা এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সুন্নতে খৎনা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রয়োজন। অনেক পরিবারের জন্য এ ধরনের সেবা সহজলভ্য করা জরুরি। সে লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ।আজ ৫৫ জনকে সুন্নতে খৎনা করানো হয়েছে। পর্যায়ক্রমে এই কার্যক্রম চলমান থাকবে।

তিনি বলেন, ঢাকাকে বদলে দেওয়ার যে কথা আমরা বলেছি, তা শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। মানুষের প্রয়োজনের সময়ে পাশে দাঁড়িয়ে কাজের মাধ্যমে আমাদের অঙ্গীকারের প্রমাণ দিতে চাই।

ঢাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, আমরা এমন একটি ঢাকা গড়তে চাই, যেখানে নগরবাসী সহজে প্রয়োজনীয় সেবা পাবেন এবং নাগরিক সমস্যাগুলোর কার্যকর সমাধান হবে। দায়িত্ব পেলে আধুনিক যন্ত্রচালিত গাড়ির মাধ্যমে ঢাকা শহরের পরিচ্ছন্নতা ব্যবস্থাসহ নগরসেবায় পরিবর্তন আনার জন্য যা যা প্রয়োজন তা করা হবে এবং নগর পরিচালনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে নাগরিক সেবার মান উন্নত করতে চাই।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনা। আমরা প্রতিশ্রুতির বাস্তবায়ন কাজের মাধ্যমে দেখাতে চাই।

নগর উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে চিকিৎসক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা শিশুদের সুন্নতে খৎনা কার্যক্রমে সেবা দেন।