নয়াখবর
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সোশ্যাল  মিডিয়ায় সরকারের সমালোচনা করায় ময়মনসিংহের ভালুকায় সাথী আক্তারকে গ্রেফতারের ঘটনায় মহিলা বিভাগের নিন্দা ও প্রতিবাদ

অনলাইন ডেস্ক
অক্টোবর ২৮, ২০২৬ ২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

 

ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে সরকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করার পর বিএনপির নেতাকর্মীদের উত্তেজনার মুখে আটক নারী উদ্যোক্তা সাথী আক্তারকে (৩০) কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার, ২৬ অক্টোবর দুপুরে তাকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় পুলিশ। পরে বিকাল ৩টার দিকে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাজেদুল ইসলাম তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ আদালতের পরিদর্শক মোস্তাছিনুর রহমান।

আমরা জামায়াতে ইসলামী মহিলা বিভাগের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

গণতান্ত্রিক ব্যবস্থায় মত প্রকাশ করা একজন নাগরিকের অধিকার। নাগরিক তার জনপ্রতিনিধিকে যেমন নির্বাচিত করে, তেমনি তার প্রত্যাশা অনুযায়ী জনপ্রতিনিধি ভূমিকা রাখতে না পারলে তার সমালোচনাও করে। আটক সাথী আক্তারের মত প্রকাশের অধিকার রয়েছে। কিন্তু এর ফলশ্রুতিতে সরকার দলীয় নেতাকর্মীদের দিয়ে মব সৃষ্টি এবং তার নিরাপত্তা না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তাকে গ্রেফতার করার ঘটনা নিন্দনীয়।

আমরা মনে করি এই ঘটনার মাধ্যমে সরকার তার অসহিষ্ণু আচরণের বহিঃপ্রকাশ করেছে। যেখানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, সেখানে সে ব্যাপ্যারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিশেষ ভূমিকা রাখতে দেখছিনা। বরং আমরা দেখছি ভিন্নমত প্রকাশ করায় একজন নারীকে রাষ্ট্রের রোষানলের শিকার হতে হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয় ও হতাশাজনক। আমরা মনেকরি এর মাধ্যমে সরকার বিরোধী মতকে দমাতে চাচ্ছে, যা চব্বিশ পরবর্তী বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত।

আমরা এই ঘটনার নিন্দা এবং অবিলম্বে সাথী আক্তার কে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানাচ্ছি। সেইসাথে এধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে জনগণকে সাথে নিয়ে তা রুখে দেয়া হবে বলে হুঁশিয়ার করছি।
।