ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল টেন্ডার কার্যক্রম ই-জিপির (e-GP) এর মাধ্যমেএবং সরকারি নিয়ম মেনে কার্যাদেশ প্রদান করা হয় | এখানে দলীয় কোন পরিচয়ের সুযোগ নাই- ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান |
মঙ্গলবার রাজধানীর মগবাজার ফ্লাইওভারের নিচে সামাজিক উন্নয়ন সংস্থা ফুটস্টেপস আয়োজিত ‘নগর বাগান’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন কালে প্রশাসক এ কথা বলেন।
এ সময়ে সাম্প্রতিক একটি গণমাধ্যমের সংবাদের সমালোচনা করে তিনি বলেন, ই-জিপির (e-GP) এর মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় টেন্ডার আহ্বান ও কার্যাদেশ প্রদান করা হয়।
এ বিষয়ে প্রকাশিত ভিত্তিহীন ও মিথ্যা খবরের নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল সাংবাদিকতা ও সততা বজায় রাখার আহ্বান জানান তিনি।
এদিকে প্রশাসক জানান,ঢাকা মহানগরীকে আধুনিক, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ডিএনসিসি ও ফুটস্টেপস যৌথভাবে কাজ করছে |
প্রশাসক বলেন, ফুটস্টেপস দীর্ঘদিন ধরে ঢাকার পরিবেশ উন্নয়ন ও আধুনিকায়নে প্রশংসনীয় ভূমিকা রাখছে।
তিনি জানান, খাল খনন ও বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে নগরজুড়ে সবুজায়নের যে ধারাবাহিক প্রক্রিয়া ফুটস্টেপস চলমান রেখেছে, মগবাজারের দীর্ঘদিন পড়ে থাকা পরিত্যক্ত স্থানটিতে এই নান্দনিক নগর বাগান নির্মাণ তারই একটি চমৎকার উদাহরণ।
প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ার যে লক্ষ্য, সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি।
তিনি আরো জানান,গুলশান লেক সংস্কার ও দৃষ্টিনন্দন গ্রাফিতি অংকন এবং বসিলা ৪০ ফুট খালের দীর্ঘদিনের অবহেলিত অবস্থা দূর করে সেখানে পথচারীদের বসার বেঞ্চ, ডাস্টবিন ও স্ট্রিট লাইট স্থাপন তারই প্রমাণ।
প্রশাসক আরো জানান, ৪৫ দিনের বিশেষ কর্মসূচির মাধ্যমে বসিলা খালের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।”
উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করা প্রসঙ্গে প্রশাসক বলেন, “জনগণের সুবিধার্থে এবং যানজট নিরসনে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ডিএনসিসির উচ্ছেদ অভিযান চলমান রয়েছে ও থাকবে।
দীর্ঘ ২৫ বছর ধরে দখল হয়ে থাকা মিরপুর ১০ নম্বরের ফুটপাত উদ্ধার করা হয়েছে, যা নগরবাসীর জন্য এক বড় স্বস্তি। জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত ফুটপাত নাগরিকদের নির্বিঘ্নে চলাচলের অধিকার।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ও অনুপ্রাণিত হয়ে আমরা এই সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে সফল হয়েছি।”
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন ইফতেখার হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন |
