নবায়নযোগ্য জ্বালানির দ্রুত সম্প্রসারণ ও জ্বালানি নিরাপত্তার দাবিতে মোংলায় জনসমাবেশ
নবায়নযোগ্য জ্বালানির দ্রুত সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার দাবিতে বাগেরহাটের মোংলায় জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় মোংলার নারিকেলতলা মন্দির মাঠে চলমান ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ (Renewables Now) প্রচারাভিযানের আওতায় এ জনসমাবেশের আয়োজন করা হয়।
পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার ও ওয়াটারকিপার্স বাংলাদেশ যৌথভাবে এ জনসমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর সদস্য সচিব শরীফ জামিল। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান হাওলাদার, মোংলা উপজেলা বিএনপির বর্তমান সভাপতি, বদরুল আলম, সভাপতি, বাংলাদেশ কৃষক ফেডারেশন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী।
জনসমাবেশে বক্তারা দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ, আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সৌর ও বায়ুশক্তিসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দ্রুত সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধি, কার্যকর নীতিগত উদ্যোগ গ্রহণ এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ প্রমাণ করে, সরকার পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে আন্তরিক। আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভবন, স্কুল-কলেজসহ সব সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। নবায়নযোগ্য জ্বালানির প্রতি সাধারণ মানুষের আগ্রহও বাড়ছে। এর ব্যবহার সম্প্রসারিত হলে জ্বালানি আমদানিনির্ভরতা কমবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং বিদ্যুৎ খাতের আর্থিক চাপ হ্রাস পাবে। একই সঙ্গে দেশের জ্বালানি নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।
শরীফ জামিলের বলেন, দেশের জ্বালানী নিরাপত্তার স্বার্থে সারাদেশে দ্রুত নবায়নযোগ্য জ্বালানী সম্প্রসারণে এখনই যেখানে সম্ভব সেখানে নবায়নযোগ্য জ্বালানি বিস্তারে সবাইকে সম্পৃক্ত করতে আমাদের এই প্রয়াস। সরকার একনেকে সম্প্রতি রামপাল বিদ্যুৎকেন্দ্রর খালি জায়গায় সৌরবিদ্যুৎ প্রকল্প অনুমোদন করায় আমরা আনন্দিত এবং সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু সুন্দরবন সংরক্ষণে সরকারের সামগ্রিক ভূমিকা নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা আশা করি শিঘ্রই সরকার স্বচ্ছতার সাথে রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসহ আকরাম পয়েন্টে প্রস্তাবিত এল এন জি টার্মিনাল ও পাইপলাইন প্রকল্প বাতিল করবে এবং সুন্দরবন সংরক্ষণে বিজ্ঞানভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ গ্রহণ করবে।
আব্দুল মান্নান হাওলাদার বলেন, সুন্দরবনের ওপর কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিকর প্রভাব শুধু বাংলাদেশ বা স্থানীয় অঞ্চলের জন্য নয়, বরং সমগ্র বিশ্বের জন্য উদ্বেগের বিষয়। এর প্রভাব সুন্দরবনের ম্যানগ্রোভ বন, বঙ্গোপসাগর, জেলে, মৌয়াল-বাওয়ালি এবং স্থানীয় কৃষি ও মানুষের জীবন-জীবিকার ওপর পড়তে পারে। সুন্দরবন আমাদের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের অমূল্য আধার, তাই এর সুরক্ষায় কয়লাভিত্তিক জ্বালানির ব্যবহার কমানো জরুরি।
বদরুল আলম বলেন, নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুতের ব্যবহার বাংলাদেশে অনেক আগে শুরু হলেও প্রয়োজনের তুলনায় এর সম্প্রসারণ হয়নি। অথচ জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারের ফলে সৃষ্ট জলবায়ু সংকট আজ বিশ্বজুড়ে মানুষের অস্তিত্ব ও প্রাণপ্রকৃতিকে হুমকির মুখে ফেলেছে। এই সংকটের জন্য বাংলাদেশ দায়ী না হলেও এর ভয়াবহ প্রভাব আমাদেরই বহন করতে হচ্ছে। বিশেষ করে মোংলাসহ উপকূলীয় অঞ্চলের মানুষ ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার কারণে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মীর মোহাম্মদ আলী বলেন, সুন্দরবনসহ পটুয়াখালী ও বরগুনার উপকূলীয় অঞ্চলে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র, দূষণ ও দখলের কারণে জীববৈচিত্র্য এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশে প্রায় পাঁচ লাখ মানুষ সরাসরি ইলিশ আহরণে যুক্ত এবং ২৫ লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর ওপর নির্ভরশীল। রামপালে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানির দিকে সরকারের ইতিবাচক পদক্ষেপ। তবে এ উদ্যোগ সফল করতে সবার অংশগ্রহণ জরুরি।
সভায় আরও বক্তব্য রাখেন মোংলা থানা অফিসার ইনচার্জ মোঃ আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, শ্রমিক নেতা মাহবুবুর রহমান মানিক, সচেতন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান, হাওর অঞ্চলবাসী কেন্দ্রীয় সমন্বয়ক জাকিয়া শিশির, কসমস’র নির্বাহী পরিচালক মেহনাজ মালা, ব্রাইটার্স’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাইদুর রহমান সিয়াম, ব্রাইটার্স’র সভাপতি ফারিহা অমি, বেঙ্গল পিস ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক মাসফিকুল হাসান টনি, ক্লাইমেট ফ্রন্টিয়ার’র নির্বাহী পরিচালক জুবায়ের ইসলাম এবং ওয়েব ফাউন্ডেশন’র সভাপতি আসাদুজ্জামান তুহিন, মোঃ রবিউল আওয়াল, ইয়ুথ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক।
উল্লেখ্য, ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ প্রচারাভিযানের মাধ্যমে দেশজুড়ে নবায়নযোগ্য জ্বালানির দ্রুত সম্প্রসারণ, জ্বালানিতে স্বনির্ভরতা অর্জন এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থায় ন্যায্য রূপান্তরের দাবি তুলে ধরা হচ্ছে। এ প্রচারাভিযানের মূল বার্তা— ‘প্রাকৃতিক সম্পদে জ্বালানির যোগান, স্বনির্ভরতার পথে বাংলাদেশ’
