নয়াখবর
মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নকল-ভেজাল ও নিত্যপণ্যের বাজারে অভিযান: ৮২ প্রতিষ্ঠানকে ১২ লাখ ১৬ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
অক্টোবর ৯, ২০২৬ ৪:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

 

বাড্ডায় কফি ও সসের নকল প্যাকেজিং করে বাজারজাতের দায়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা

 

গ্যাস সিলিন্ডারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে ন্যায্যমূল্য ও স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এবং নকল-ভেজাল প্রতিরোধে দেশব্যাপী অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা মহানগরসহ দেশের ২৮ জেলায় পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৮২টি প্রতিষ্ঠানকে মোট ১২ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার অধিদপ্তরের ৪৩টি দল একযোগে পাইকারি ও খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানে এ তদারকি কার্যক্রম পরিচালনা করে।

এর মধ্যে রাজধানীর মধ্য বাড্ডায় বিশেষ অভিযানে কফি ও সসের নকল প্যাকেজিং করে বাজারজাত করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল ও ইন্দ্রানী রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অধিদপ্তর জানায়, ‘Nascafe Coffee’, ‘American BBQ Sauce’ ও ‘Yellow Mustard Sauce’-এর নকল প্যাকেজিং করে বাজারজাত করার দায়ে দোহা কর্পোরেট, মাসুম এন্টারপ্রাইজ ও জুনায়েদ এন্টারপ্রাইজকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় প্রত্যেককে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়। অভিযানে এসআরবি-১ ও বাড্ডা থানা পুলিশ সহযোগিতা করে।

দেশব্যাপী তদারকিতে গ্যাস সিলিন্ডারের সরবরাহ ও নিত্যপণ্যের মূল্য পরিস্থিতির পাশাপাশি সরকার নির্ধারিত বা ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি দাম আদায় করা হচ্ছে কি না, তা যাচাই করা হয়। একই সঙ্গে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং নকল-ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাতের বিষয়গুলো পরীক্ষা করা হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে সঠিক ও হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকার পাশাপাশি মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টি না করতেও সতর্ক করা হয়। পণ্য ক্রয়-বিক্রয়ের রশিদ বা ভাউচার সংরক্ষণ এবং ক্রেতাদের তা প্রদানের নির্দেশনাও দেওয়া হয়।

জনসচেতনতা বাড়াতে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। তদারকি কার্যক্রমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।

অধিদপ্তর ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনে কৃত্রিম সংকট সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে। পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। ক্রয়ের সময় বিক্রেতার কাছ থেকে রশিদ বা ভাউচার সংগ্রহ করতেও অনুরোধ জানানো হয়।

পণ্য কেনার ক্ষেত্রে অনিয়ম বা প্রতারণার শিকার হলে অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য ও ভোক্তা-অধিকার নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।