সিনিয়র সাংবাদিক কাজিম রেজার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম।
বুধবার এক যৌথ শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, কাজিম রেজা সারাজীবন গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার জন্য লড়াই করে গেছেন। তিনি কখনো মিথ্যা ও অন্যায়ের সাথে আপস করেন নি। বিএফইউজে ও ডিইউজে’র বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের অধিকার আদায়ের প্রশ্নে ছিলেন আপসহীন। তিনি পেশাগত দায়িত্ব পালনকালেও সততা, নিষ্ঠার স্বাক্ষর রেখে গেছেন। ফ্যাসিবাদী সরকারের আমলে সবশেষ কর্মস্থল বাসস থেকে চাকরিচ্যুত কাজিম রেজা দীর্ঘদিন বেকারত্বের মধ্যে অর্থকষ্টে এবং অনেকটা বিনা চিকিৎসায় আজ বুধবার ইন্তেকাল করেন।
কাজিম রেজা টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আতিয়া গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ মোহাম্মদ মুসা কাজিম নুরী ও চাঁদপুরের প্রথম নারী শিক্ষিকা সৈয়দা সাইয়েদা বানু দম্পতির সন্তান। তার দুটি কন্যা সন্তান রয়েছে।
বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
