শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ, ফুটপাত ও সড়ক দখলমুক্ত এবং জনসাধারণের অবাধ চলাচল সচল রাখতে মোবাইল কোর্ট ও বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম-এর নেতৃত্বে ধানমন্ডি কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ ও এর সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে স্কুলের আশেপাশে অবস্থান নেওয়া বখাটেদের ছত্রভঙ্গ করে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। একই সাথে, জনসাধারণের চলাচলের বিঘ্ন ঘটিয়ে ফুটপাত ও রাস্তার ওপর গড়ে ওঠা সকল অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করে রাস্তাটি সম্পূর্ণ পরিষ্কার করা হয়। ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে এ সময় ৫টি মামলা দায়েরের মাধ্যমে সর্বমোট ১০,৩০০ (দশ হাজার তিনশত) টাকা জরিমানা আদায় করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং নগরীর উন্মুক্ত স্থান ও ফুটপাত দখলমুক্ত করতে এই ধরনের জনস্বার্থমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
