নয়াখবর
মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেটার নাঈম হাসানের ওপর পুলিশি নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

অনলাইন ডেস্ক
জুন ১৪, ২০২৬ ৯:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

 

ক্রিকেটার নাঈম হাসানের ওপর পুলিশি নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ১৪ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন,

“বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানের ওপর চট্টগ্রামের লালখান বাজার এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের বর্বর শারীরিক নির্যাতন, হেনস্তা এবং থানায় নিয়ে গিয়ে দুর্ব্যবহারের ন্যক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছি। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে চট্টগ্রামে নিজ বাড়ি ফেরার পথে একজন জাতীয় স্তরের ক্রিকেটারকে গাড়ি থেকে নামিয়ে পাইপ দিয়ে পেটানো এবং গলা চেপে ধরার মতো অমানবিক ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। নাঈম হাসান নিজের পরিচয় দেওয়ার পরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এমন মারমুখী ও বৈরী আচরণ প্রমাণ করে যে, সাধারণ নাগরিকদের জানমালের নিরাপত্তা আজ কতটা হুমকির মুখে।”

তিনি আরও বলেন, “একজন ক্রীড়াবিদ, যিনি দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করেন, তাঁর সাথেই যদি প্রকাশ্য রাস্তায় এমন বর্বর আচরণ করা হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কেবল ক্লোজড বা প্রত্যাহার করাই এই ধরনের গুরুতর অপরাধের শাস্তি হতে পারে না।”

এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “আমরা অনতিবিলম্বে এই ন্যক্কারজনক ঘটনার একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত দাবি করছি। ক্রিকেটার নাঈম হাসানের ওপর শারীরিক নির্যাতনে জড়িত প্রতিটি পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি প্রচলিত আইনে কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো নাগরিককে এভাবে হেনস্তার শিকার হতে না হয়।

আমি নাঈম হাসান ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং দেশের সকল ক্রীড়াবিদ ও যুবসমাজের উপযুক্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর আহ্বান জানাচ্ছি।”