নয়াখবর
মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
মে ১৯, ২০২৬ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি ও ডিজিটাল সক্ষমতা এখন শুধু প্রযুক্তিগত বিষয় নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা, নীতি নির্ধারণ এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার অন্যতম প্রধান শর্তে পরিণত হয়েছে।

তিনি বলেন, ডিজিটাল সক্ষমতায় পিছিয়ে পড়লে ভবিষ্যতে রাষ্ট্রীয় নীতি, নিরাপত্তা কৌশল এবং গুরুত্বপূর্ণ তথ্য সহজেই হুমকির মুখে পড়তে পারে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত ‘সাইবার সিকিউরিটি এন্ড থ্রেট ইন্টেলিজেন্স’ শীর্ষক সেমিনারে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিশ্ব দ্রুত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর যুগে প্রবেশ করছে। এই বাস্তবতায় বাংলাদেশকে টিকে থাকতে হলে দক্ষ মানবসম্পদ তৈরি, শিক্ষাক্রমে ডিজিটাল জ্ঞান অন্তর্ভুক্ত করা এবং নীতি নির্ধারণী পর্যায়ে প্রযুক্তি সম্পর্কে গভীর বোঝাপড়া নিশ্চিত করা জরুরি।

তিনি প্রযুক্তিবিদ ও গবেষকদের সাধারণ মানুষের পাশাপাশি নীতি নির্ধারকদেরও প্রযুক্তিগত বাস্তবতা ও সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন করার আহ্বান জানান।

মন্ত্রী দেশের তরুণদের মধ্য থেকে উপযুক্ত মেধাবীদের চিহ্নিত করে উন্নত প্রযুক্তি ও ডিজিটাল নিরাপত্তা খাতে দক্ষ হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব দেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী মো: রেদওয়ান জামান অনিক। ‌স্বাগত বক্তব্য প্রদান করেন আইইবি সাধারণ সম্পাদক সাব্বির মোস্তফা খান।

আইইবি ইয়ং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইইবি প্রেসিডেন্ট প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন।