নয়াখবর
শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রিহ্যাবের চূড়ান্ত ফল ঘোষণা : প্রেসিডেন্ট ড. মোঃ আলী আফজাল ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক

অনলাইন ডেস্ক
এপ্রিল ২১, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

 

রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আপিল বোর্ডের শুনানি শেষে ২১ এপ্রিল, ২০২৬ মঙ্গলবার রাত ৮টার দিকে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করে। কোনো ধরনের পরিবর্তন না থাকায় পূর্বে প্রকাশিত প্রাথমিক ফলাফলই চূড়ান্ত ফল হিসেবে বহাল রাখা হয়। ফলাফল ঘোষণার পরপরই নবনির্বাচিত নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন যা সংগঠনের নতুন যাত্রার সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে ১৮ এপ্রিল শনিবার দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গভীর রাত পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা সম্পন্ন করে নির্বাচন কমিশন। রাত প্রায় ১:০টার দিকে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়, যা পরবর্তীতে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ফলাফল হিসেবে অনুমোদন পেল।

ঘোষিত ফলাফলে প্রেসিডেন্ট পদে ড. মোঃ আলী আফজাল ২৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে আব্দুর রাজ্জাক ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ-সভাপতি-১ পদে মোহাম্মদ আকতার বিশ্বাস ২৫০ ভোট, সহ-সভাপতি-২ পদে আবু খালিদ মো. বরকতুল্লাহ ২৫৫ ভোট এবং সহ-সভাপতি-৩ পদে এ.এফ.এম উবায়দুল্লাহ ২৩৪ ভোট পেয়ে জয়লাভ করেন। অর্থ বিষয়ক সহ-সভাপতি পদে ড. মো. হারুন অর রশিদ সর্বোচ্চ ২৬২ ভোট পেয়ে নির্বাচিত হন।

চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি পদে মোহাম্মদ মোরশেদুল হাসান ৩১৭ ভোট পেয়ে বিজয়ী হয়ে বিশেষভাবে নজর কাড়েন। মুহাম্মদ লাবিব বিল্লাহ্ ৩৩৮ ভোট পেয়ে সকল প্রার্থীর মধ্যে শীর্ষস্থান অর্জন করে পরিচালক পদে বিজয়ী হন। পরিচালক পদে উম্মে জাহান আরজু এবং হাবিবুর রহমান হাবিব সমান ৩০৪ ভোট পেয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন। নির্বাচিত অন্যান্য পরিচালকদের মধ্যে রয়েছেন— এ.জেড.এম. কামরুদ্দিন, ক্যাপ্টেন মো. শাহ আলম, মো. খাজা নাজিবুল্লাহ, শেখ কামাল, মো. এমদাদুল হোসেন সোহেল, ড. এন. জোহা, আলহাজ প্রফেসর মো. ফারুক আহমদ, তাসনোভা মাহবুব সালাম, মো. জহির আহমেদ, মো. জাহিদ হোসেন, ইঞ্জিনিয়ার মো. মোস্তফা কামাল, মো: এমদাদুল হক, মো: মাহবুবুর রহমান, এম ফখরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ফরহাদ ফিলিপ, সুরুজ সরদার এবং আলহাজ গোলাম কিবরিয়া মজুমদার।

চট্টগ্রাম অঞ্চল থেকে দুইজন পরিচালক নির্বাচিত হয়েছেন— এ এস এম আব্দুল গফফার মিয়াজী এবং সারিস্ত বিনতে নুর। পাশাপাশি রিহ্যাব চট্টগ্রাম রিজিওন্যাল কমিটির ছয়জন সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন— নূর মোহাম্মদ, ইঞ্জি. এসকে নাজিম উদ্দিন, সৈয়দ ইরফানুল আলম, আশিস রায় চৌধুরী, হৃষিকেশ চৌধুরী এবং এস এম শহিদুল্লাহ।

এবারের নির্বাচনে মোট তিনটি প্যানেল এবং এককভাবে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করেন। প্যানেল তিনটি হলো প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ, আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ এবং জাগরণ প্যানেল। ফলাফলে দেখা যায়, “প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ” প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স), ভাইস প্রেসিডেন্ট-২, ভাইস প্রেসিডেন্ট-৩ এবং ১০ জন পরিচালকসহ মোট ১৫টি পদে জয়লাভ করে। অন্যদিকে “আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ” ভাইস প্রেসিডেন্ট-১, ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম) এবং ১২টি পরিচালক পদসহ মোট ১৪টি পদে বিজয়ী হয়। তবে জাগরণ প্যানেল থেকে কোনো প্রার্থী জয়লাভ করতে পারেননি।

নবগঠিত কমিটি আবাসন খাতের সার্বিক উন্নয়নে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। তারা ডেভেলপার, ক্রেতা, বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে আবাসন খাতের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছে। একই সঙ্গে নির্মাণ বিধিমালা সংশোধন, নীতিগত জটিলতা দূর করা, নিবন্ধন ব্যয় যৌক্তিক পর্যায়ে আনা এবং ব্যাংক ঋণ প্রাপ্তির সুযোগ বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার কথাও উল্লেখ করেছেন নেতৃবৃন্দ।
নতুন কমিটির অন্যতম লক্ষ্য হিসেবে রিহ্যাবের একটি আধুনিক ও নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে,যা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও প্রাতিষ্ঠানিক ভিত্তি দেবে। পাশাপাশি সদস্যদের কল্যাণে বিভিন্ন সেবা কার্যক্রম চালু, প্রশিক্ষণ, নেটওয়ার্কিং সুযোগ বৃদ্ধি এবং ব্যবসায়িক সহায়তা প্রদানের পরিকল্পনাও রয়েছে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, সমন্বিত উদ্যোগ, দূরদর্শী নেতৃত্ব এবং কার্যকর পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে রিহ্যাব নতুন কমিটির অধীনে আরও গতিশীল হয়ে উঠবে। এসব উদ্যোগের মাধ্যমে একটি সদস্যবান্ধব, কার্যকর ও শক্তিশালী রিহ্যাব গড়ে তোলা সম্ভব হবে, যা আবাসন খাতকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

২২ এপ্রিল রিহ্যাব অফিসে সকসল ১১টায় নতুন কমিটির জরুরী বোর্ড সভা ডেকেছেন নতুন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক।