নয়াখবর
মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে মালয়েশিয়ার মান্যবর হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩, ২০২৬ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

 

বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার মান্যবর হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান ০৩ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) সকালে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে তাঁর সরকারি বাসভবন, ২৯ মিন্টো রোডে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় মান্যবর হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ফায়েজ বিন মোহাম্মদ মোখতার এবং হাজওয়ান বিন হাসনল।

সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও খোলামেলা মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উভয় দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রসমূহ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকে মান্যবর হাইকমিশনার জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি বাংলাদেশের বিদ্যমান জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সম্ভাব্য ভূমিকা ও রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময়কালে উভয় দেশের পারস্পরিক স্বার্থ, উন্নয়ন ও অগ্রগতির বিষয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার এবং সকল ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।