নয়াখবর
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নগরবাসীকে সাথে নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষিত ‘ক্লিন ও গ্রিন ঢাকা’ গড়ে তোলা হবে: ডিএনসিসি প্রশাসক|

অনলাইন ডেস্ক
অক্টোবর ২৭, ২০২৬ ১০:১১ পূর্বাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী ঢাকাকে একটি সুন্দর, পরিষ্কার ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে সাধারণ নগরবাসীদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।

মঙ্গলবার  মিরপুরের ঐতিহ্যবাহী প্যারিস খাল পরিষ্কার অভিযানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্যারিস খাল পুনরুদ্ধার ও পরিষ্কার অভিযানকালে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের অ্যাম্বাসেডর(রাষ্ট্রদূত) জঁ-মার্ক সেরে-শার্লে (H.E. Mr. Jean-Marc Séré-Charlet
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন |

এ সময় প্রশাসক বলেন, “নগরবাসীকে কাঙ্ক্ষিত সেবা দেওয়া আমাদের প্রধান দায়িত্ব। কিন্তু এই সেবাকে টেকসই করতে হলে নগরবাসীকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

তিনি বলেন, আমরা খালগুলো পরিষ্কার করছি এবং দৃষ্টিনন্দন পরিবেশ গড়ে তোলার চেষ্টা করছি, সেগুলোকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনাদেরই।”

তিনি আরো বলেন, “জনগণের সদিচ্ছা ও সহযোগিতার কারণেই মিরপুর ১০ নম্বরের ২৫ বছরের পুরনো অবৈধ দখলে থাকা ফুটপাত মুক্ত করা সম্ভব হয়েছে এবং দুই মাস ধরে তা বহাল রয়েছে। একইভাবে প্যারিস খাল পরিষ্কার ও ওয়াকওয়ে নির্মাণ পরিকল্পনা বাস্তবায়নেও আমরা এলাকাবাসীর সর্বোচ্চ সহযোগিতা কামনা করি।”

প্রশাসক জানান,টানা পরিচ্ছন্নতা অভিযান: ‘ফুটস্টেপস’ ও ডিএনসিসির যৌথ উদ্যোগে প্যারিস খালে তিন দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে।

প্রশাসক বলেন, সামনে ডেঙ্গু মৌসুম থাকায় মশার প্রজনন রোধে খাল পরিষ্কার রাখা জরুরি। ভবন বা বাসাবাড়ি থেকে সরাসরি খালে ময়লা ফেলার মানসিকতা ত্যাগ করতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, সরকারের আমলে সীমানা নির্ধারণে কিছু ত্রুটি-বিচ্যুতি ছিল। ডিএনসিসির প্রধান প্রকৌশলীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে, যাদের ৮৫ থেকে ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। দ্রুতই চূড়ান্ত সীমানা নির্ধারণ করে অবৈধ দখলমুক্ত ও পুনর্বাসনের কাজ শেষ করা হবে।
ফরাসি রাষ্ট্রদূতের উপস্থিতিকে স্বাগত জানিয়ে তিনি জানান, প্যারিস খালের উন্নয়ন ও সৌন্দর্যায়ন নিশ্চিত করতে ফ্রান্স সরকারের সাথে প্রয়োজনীয় সহায়তার বিষয় নিয়ে আলোচনা চলছে।

প্রশাসক ঘোষণা করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ রূপকল্প বাস্তবায়নে ডিএনসিসি সর্বাত্মক কাজ করে যাচ্ছে এবং যেকোনো চক্রান্ত ও বাধা মোকাবিলা করেই নগরবাসীর জন্য একটি দৃষ্টিনন্দন ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা হবে।

খাল পরিস্কার কর্মসূচিতে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন ইফতেখার হোসেনসহ স্বেচ্ছাসেবক সংগঠন ‘ফুটস্টেপস’ (Footsteps)-এর প্রতিনিধিগণ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন |