নয়াখবর
শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশে ক্রমবর্ধমান শিশু নির্যাতনের ঘটনায় জামায়াতে ইসলামী মহিলা বিভাগীয় সেক্রেটারির উদ্বেগ প্রকাশ

অনলাইন ডেস্ক
মে ২০, ২০২৬ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

 

১৯ মে রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যাকারী পাশের ফ্ল্যাটে থাকা এক দম্পতি এই ঘৃণ্য কাজ করার পর লাশ গুম করার চেষ্টা করেছিল। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন সোহেল রানা এবং তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তারের পর এ কথা জানিয়েছে পুলিশ। এই নৃশংস,অমানবিক ও পৈশাচিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগীয় সেক্রেটারী নূরুন্নিসা সিদ্দীকা ।

তিনি বলেন,একটি শিশু, যে ছিল পরিবারের স্বপ্ন, সমাজের ভবিষ্যত-তাকে এভাবে হত্যা করা শুধু একটি পরিবারের নয়, সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। এ ধরণের ঘটনা প্রমাণ করে সমাজে নৈতিক অবক্ষয় ভয়াবহ রূপ ধারণ করেছে এবং শিশু ও নারীর নিরাপত্তা আজ মারাত্মক হুমকির মুখে।

বিবৃতিতে তিনি বলেন , দেশে শিশু ও নারী নির্যাতন ক্রমবর্ধমান হারে বাড়ছে। গণমাধ্যমের বরাতে জানা যায়, গত নয়দিনে পাঁচ শিশু হত্যার ঘটনা ঘটেছে, যার মধ্যে চারজনই ধর্ষনের শিকার। ধর্ষণ ও হত্যার মত জঘন্য অপরাধের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হলে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সমাজে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। অপরাধীদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা না করে দ্রুত গ্রেফতার,নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ এই দাবি জানাচ্ছে যে –
• দোষীকে দ্রুত বিশেষ ট্রাইব্যুনালে বিচার,
• সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ
• এবং সারাদেশে নারী ও শিশু নিরাপত্তা জোরদার করতে হবে।

সেইসাথে রামিসার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মহিলা বিভাগের সেক্রেটারি।