নয়াখবর
শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
এপ্রিল ৬, ২০২৬ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

 

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা ৬ এপ্রিল ২০২৬, সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে তারা শিক্ষা, গবেষণা এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, আধুনিক ভাষা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বাংলাদেশ এবং ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থার মধ্যে অনেক মিল রয়েছে। যা ভবিষ্যৎ সহযোগিতার জন্য একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করতে পারে। প্রশাসনিক কাঠামো, পাঠ্যক্রম এবং সামগ্রিক শিক্ষাব্যবস্থায় বিদ্যমান এই সাদৃশ্যকে কাজে লাগিয়ে নতুন নতুন যৌথ উদ্যোগ গ্রহণের সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে শিক্ষাকে শিল্পখাতের চাহিদার সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করা অত্যন্ত জরুরি। কর্মবাজারের চাহিদা অনুযায়ী যুগোপযোগী ও আধুনিক পাঠ্যক্রম প্রণয়ন করা প্রয়োজন।

উপাচার্য বহুমুখী শিক্ষা, ডিপ্লোমা ও স্বল্পমেয়াদি কোর্স চালুর ওপর গুরুত্বারোপ করে বলেন, শিক্ষার্থীদের জন্য নমনীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। যাতে তারা ধাপে ধাপে শিক্ষাজীবন সম্পন্ন করতে পারে। একইসঙ্গে তিনি শিক্ষার্থীদের সফট স্কিল উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভারতের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয়পক্ষ আগ্রহ প্রকাশ করে। বিশেষ করে যৌথ গবেষণা, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি এবং সমঝোতা স্মারক (MoU) বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দলকে ভারত সফরের আমন্ত্রণ জানান। যাতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সরাসরি আলোচনা করে কার্যকর সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা যায়। তিনি বলেন, সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত প্রস্তাব প্রণয়ন করা হলে তা বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা সম্ভব হবে।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ এবং থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের যৌথ আয়োজনে ‘শিল্প ও সংগীতের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক’ শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকার-সহ সংশ্লিষ্ট বিভাগের চেয়ারপার্সনবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তিন বিভাগের শিক্ষার্থীরা মনোজ্ঞ নৃত্য ও সংগীত পরিবেশন করেন, যা অতিথিরা উপভোগ করেন। অনুষ্ঠান শেষে হাই কমিশনার সংশ্লিষ্ট বিভাগসমূহ পরিদর্শন করেন। পরবর্তীতে অতিথিরা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ‘হিন্দি বই হস্তান্তর অনুষ্ঠান’-এ অংশগ্রহণ করেন।