নয়াখবর
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

​ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
অক্টোবর ১৯, ২০২৬ ৯:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় ‘নগর ভবন’ পরিদর্শন এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি। সোমবার সকাল ১১টায় ওসমানী উদ্যানের আধুনিকায়ন ও নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন শেষে তিনি নগর ভবনে আগমন করেন।

​নগর ভবনে পৌঁছালে প্রধানমন্ত্রীকে ভবনের উদ্বোধনী ফলকের সামনে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। উল্লেখ্য, ১৯৯৩ সালের ২৭ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই নগর ভবনের শুভ উদ্বোধন করেছিলেন।

​পরিদর্শনকালে প্রধানমন্ত্রী নগর ভবনে অবস্থিত দুর্যোগকালীন জরুরি পরিচালন কেন্দ্র ‘শীতলক্ষ্যা হল’-এ ডিএসসিসির সাম্প্রতিক কার্যক্রমের ওপর তৈরিকৃত একটি তথ্যচিত্র ও উপস্থাপনা উপভোগ করেন। এরপর তিনি নগর ভবন অডিটোরিয়ামে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

​মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “পরিবর্তনের ইচ্ছা এবং চেষ্টাই আসল। ইতিবাচক চিন্তা ও মানসিকতা নিয়ে কাজ করলে ঢাকা শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক পরিবেশের কাঙ্ক্ষিত পরিবর্তন অবশ্যই সম্ভব। নিজেদের সন্তান ও অনাগত ভবিষ্যতের কথা চিন্তা করে সিটি কর্পোরেশনের প্রতিটি কর্মকর্তা-কর্মচারী দায়িত্বশীল ভূমিকা পালন করলে শহর বদলাতে হয়তো কিছু সময় লাগবে, কিন্তু ইতিবাচক পরিবর্তন আসবেই।”

​তিনি আরও বলেন, “আপনারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শহরকে সুন্দর রাখার কাজে নিয়োজিত রয়েছেন। নিজেদের সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যেতে হবে, কারণ নিজের পরিবর্তন দিয়েই সমাজ ও দেশ পরিবর্তনের সূচনা হয়।”

​ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মোঃ শহিদুল হাসান।