নিজস্ব প্রতিবেদক : ঢাকাসহ দেশের অন্তত ৮টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। একইসঙ্গে এসব অঞ্চলে দুপুরের মধ্যে ৪০-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেজন্য নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার (৪ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণকেন্দ্র থেকে প্রকাশিত ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের ঝড় সতর্কীকরণকেন্দ্র জানিয়েছে, আজ ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
