বিশ্বব্যাপী
জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দূষণকারী শিল্পে বিনিয়োগ করে মুনাফা করছেন অতিধনীরা। একই সঙ্গে জলবায়ু সংকটের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবেলা, পুনরুদ্ধার ও পুনর্গঠনের ব্যবসা থেকেও আয় করছেন তারা। ফলে জলবায়ু সংকট এসব ধনীর জন্য মুনাফার দুটি পথ তৈরি করেছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের সাম্প্রতিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। খবর দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সবচেয়ে ধনী দশমিক ১ শতাংশ মানুষের বড় বিনিয়োগ রয়েছে দুর্যোগ মোকাবেলা, ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা ও পুনর্গঠনসংশ্লিষ্ট ব্যবসায়। এ খাতের বৈশ্বিক বাজার ২০২৯ সালের মধ্যে ৯ হাজার ২০০ কোটি ডলারে পৌঁছতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, বন্যা প্রতিরোধক, অগ্নিনির্বাপণ সরঞ্জাম, পরিবহন, খাদ্য, বীমা ও ঋণসেবার মতো পণ্যের চাহিদা বাড়ছে। এসব ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হচ্ছেন ধনীরা।
অক্সফামের মতে, জলবায়ু সংকটের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষ ও স্বল্প আয়ের দেশগুলো। কিন্তু সংকটের জন্য তাদের দায় তুলনামূলকভাবে কম। চরম আবহাওয়ায় ফসল নষ্ট হলে খাদ্যের দাম বাড়ে। উপকূলীয় অঞ্চল গুলোর নদীতে লবণাক্ত পানির দিন দিন আধিক্যতার ফলে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।
জলবায়ু উদ্বাস্ততার কারণে বা দাবানলে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হলে সেগুলো মেরামত করতে হয়। অনেককে আবার অন্যত্র চলে যেতে হয়। এসব ব্যয়ের বড় অংশ বহন করতে হয় সাধারণ মানুষকে। অন্যদিকে সংকটের জন্য
বেশি দায়ী ধনী ব্যক্তি ও প্রতিষ্ঠান এসব দুর্যোগ মোকাবেলার ব্যবসা থেকেও আয় করে।
অক্সফামের প্রধান প্রভাব বিস্তারবিষয়ক কর্মকর্তা জাঁ ম্যাকলিন বলেন, ‘জলবায়ু সংকটে দুদিক থেকেই লাভবান হন অতিধনীরা। প্রথমত, তারা দূষণকারী শিল্পে বিনিয়োগ চালিয়ে যাচ্ছেন। দ্বিতীয়ত, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেয়া এবং দুর্যোগের পর পুনর্গঠনের ব্যবসায় বিনিয়োগ করছেন। ফলে সংকটের কারণে যাদের ক্ষতি হচ্ছে তাদের কাছেই বিক্রি হচ্ছে সুরক্ষা ও পুনর্গঠনের সেবা।’
প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সবচেয়ে ধনী দশমিক ১ শতাংশ মানুষের সংখ্যা প্রায় ৮০ লাখ। তাদের কারণে সম্মিলিত কার্বন নিঃসরণের পরিমাণ বিশ্বের সবচেয়ে দরিদ্র ৩৫০ কোটি মানুষের মোট নিঃসরণের চেয়েও বেশি। চরম তাপপ্রবাহের ক্ষেত্রেও এসব ধনীদের ভূমিকা গড় মানুষের তুলনায় ১২৫ গুণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ব্যক্তিগত জীবনযাপনেও ধনীদের কার্বন নিঃসরণ বেশি। অক্সফামের হিসাব অনুযায়ী, বিশ্বের ব্যক্তিগত উড়োজাহাজগুলো ২ সেকেন্ডে যে পরিমাণ কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করে, তা বিশ্বের অধিকাংশ মানুষের পুরো এক বছরের নিঃসরণের সমান বা বেশি। তবে জলবায়ুতে ধনীদের সবচেয়ে বড় প্রভাব আসে তাদের বিনিয়োগ থেকে।
অক্সফাম এ বিষয়ে ২১৭টি কোম্পানিকে নিয়ে একটি সূচক তৈরি করেছে। এসব কোম্পানির কোনোটি জলবায়ু সংকট বাড়ায়, আবার কোনোটি সংকট মোকাবেলা ও এর প্রভাব থেকে সুরক্ষা দেয়ার ব্যবসা পরিচালনা করে।
তার
