নয়াখবর
বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জলবায়ু ন্যায়বিচার, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি নিরাপত্তা ও নিরাপদ সুপেয় পানির দাবিতে সাতক্ষীরা থেকে টেকনাফ ৭৮০ কিলোমিটার উপকূলীয় পদযাত্রার সমাপ্তি

অনলাইন ডেস্ক
অক্টোবর ৭, ২০২৬ ৩:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

 জলবায়ু ন্যায়বিচার, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি নিরাপত্তা ও নিরাপদ সুপেয় পানির দাবিতে সাতক্ষীরার শ্যামনগরের পাঁচ নদীর মুখ থেকে টেকনাফের লম্বরী বিচ পর্যন্ত প্রায় ৭৮০ কিলোমিটার একক পদযাত্রা শেষ করেছেন পরিবেশকর্মী ও বেঙ্গল পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, মাসফিকুল হাসান টনি।

‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ (Renewables Now) প্রচারাভিযানের অংশ হিসেবে ১৪ সেপ্টেম্বর শুরু হওয়া এ ‘বাংলাদেশ কোস্টাল ট্রাভার্স’-এর সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় টেকনাফ উপজেলার সাবরাং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর নেতৃত্বে মোট ৩৭টি নাগরিক ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে এ প্রচারাভিযান পরিচালিত হচ্ছে।

২২ দিনের এই পদযাত্রায় উপকূলীয় মানুষের জলবায়ু ঝুঁকি, নিরাপদ পানির সংকট, জ্বালানি নিরাপত্তা এবং নবায়নযোগ্য জ্বালানির প্রয়োজনীয়তার বার্তা তুলে ধরা হয়। উপকূলের বিভিন্ন জনপদ পেরিয়ে টনি পদযাত্রার মাধ্যমে এসব বিষয়ে জনসচেতনতা তৈরির পাশাপাশি একটি পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানি ভবিষ্যতের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধরা কক্সবাজার জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীন এবং সঞ্চালনা করেন ধরা কক্সবাজার জেলা শাখার শামশুল আলম শ্রাবণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান ছিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন সাবরাং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম, কক্সবাজার সদর উপজেলা ধরার আহ্বায়ক মোহাম্মদ হাসান, চকরিয়া ধরার আহ্বায়ক এ কে এম বেলাল উদ্দীন এবং মহেশখালী ধরার আহ্বায়ক মোহাম্মদ কাইছার হামিদ।

এ ছাড়া জেলা প্রেসক্লাবের সহসভাপতি জসিম উদ্দীন, সহসম্পাদক মো. আমিন উল্লাহ আমিন, সাংবাদিক ও মানবাধিকারকর্মী জসিম উদ্দিন, ধরা কক্সবাজার জেলা শাখার সদস্য প্রভাষক রিয়াজ মাহমুদ, নুরুল ইসলাম সুমন, হেলাল উদ্দীন, মো. রুবায়েত, মিজানুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, পেশাজীবী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে টনিকে ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় অ্যাডভোকেট হাসান ছিদ্দিকী বলেন, উখিয়া-টেকনাফ এলাকায় ধরার পরিবেশ ও জলবায়ুবিষয়ক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

সমাপনী অনুষ্ঠানে মাসব্যাপী ‘লাগাও বৃক্ষ, কামাও লক্ষ লক্ষ টাকা’ বৃক্ষরোপণ কর্মসূচিতে ৬৯১টি ঔষধি, ফলজ ও বনজ গাছের চারা রোপণ করে প্রথম স্থান অর্জন করায় হেলাল উদ্দীন নিশাতকে সংবর্ধনা দেওয়া হয়। পরে তিনি ধরার পরিবেশ ও জলবায়ুবিষয়ক কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

টনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, পরিবেশ সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং সবার জন্য নিরাপদ সুপেয় পানির নিশ্চয়তার দাবিই ছিল এ পদযাত্রার মূল বার্তা। উপকূলীয় মানুষের জলবায়ু ঝুঁকি, নিরাপদ পানির সংকট ও জ্বালানি চ্যালেঞ্জ তুলে ধরার পাশাপাশি পরিবেশ ও জলবায়ু বিষয়ে জনসচেতনতা তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

‘বাংলাদেশ কোস্টাল ট্রাভার্স’ টনির নবম একক পদযাত্রা।