নয়াখবর
মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৯:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

গণযোগাযোগ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক এস এম আব্দুর রহমান বলেছেন, সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি-‘জিপিএমএস’ সরকারের জনমুখী প্রচার বেগবান করবে। সরকারি কাজের এ নতুন মূল্যায়ন পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে দপ্তরগুলোর স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি জনসেবার মান আরও উন্নত করা সম্ভব।

শনিবার কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বড়ইছড়ির উদ্যানতত্ত্ব বিভাগের সম্মেলন কক্ষে  জিপিএমএস কর্মপরিকল্পনা অবহিতকরণ বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমান বলেন, গণযোগাযোগ অধিদপ্তর প্রচারের জন্য কতটি উঠান বৈঠক, কমিউনিটি সভা, চলচ্চিত্র প্রদর্শনী বা গণসংলাপ করেছে, সেই সংখ্যাই নয়, বরং কতজনের কাছে উন্নয়ন বার্তা পৌঁছেছে, সেই বার্তা জনগণ কতটুকু গ্রহণ করেছে এবং তার ফলাফলও জিপিএমএস-এর অন্তর্ভুক্ত।

কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে মহাপরিচালক আরও বলেন, জিপিএমএসে’র আওতায় তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়, ফলে সরকারি প্রতিষ্ঠানগুলো আরও পরিকল্পিত ও ফলাফলভিত্তিক কার্যক্রম পরিচালনা করতে পারে।

গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপপরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান। ময়মনসিংহ তথ্য অফিসের পরিচালক মীর আকরাম মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন।

রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ এবং গণযোগাযোগ অধিদপ্তরের সদর দপ্তরের  কর্মকর্তারা দুই দিনব্যাপী এ কর্মশালায় জিপিএমএস কর্মপরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন, অগ্রগতি মূল্যায়ন এবং নির্ধারিত নির্দেশিকার আলোকে হাতে-কলমে প্রশিক্ষণ নেন।