খুলনা-মোংলা মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহতের ঘটনায় গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়েতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
বৃহস্পতিবার মোংলা-খুলনা মহাসড়কে একটি বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। একটি বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসটি দুর্ঘটনার শিকার হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে মোংলা পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও তার পরিবারের ১০ সদস্য রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
ঘটনার পরপরই বাগেরহাটের জেলা প্রশাসক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধার কাজে সহায়তা করেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতদের খোঁজখবর নিয়েছেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রদত্ত শোক বিবৃতিতে গোলাম পরোয়ার বলেন, আজ ১২ মার্চ বিকালে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাটের রামপাল উপজেলার গুনাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর গাড়ির সঙ্গে যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
তিনি আরও বলেন, এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী, শিশু ও সাধারণ যাত্রীদের প্রাণহানির সংবাদ অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। হঠাৎ করে এভাবে এতগুলো তাজা প্রাণ ঝরে যাওয়া জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
আমি দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে মহান আল্লাহ তাআলার কাছে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এই দুঃখজনক ঘটনার নিহতদের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের সুচিকিৎসার নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশনা প্রদান করেন।
