বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরীর আমীর জননেতা মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থেকে জামায়াতে ইসলামী এই দেশকে সমৃদ্ধ অর্থনীতির উপর প্রতিষ্ঠিত করার পাশাপাশি দারিদ্র বিমোচনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজধানীর বিমানবন্দর থানার হাজীক্যাম্প সাংগঠনিক ওয়ার্ডের ইফতার মাহফিল ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেন সমাজের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষদের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে গোটা মহানগরীতে আমাদের ব্যাপকভিত্তিক সমাজসেবা মুলক কাজ অব্যাহত রয়েছে।
জনাব সেলিম উদ্দিন আরো বলেন, ইসলাম মানবতার ধর্ম। ইসলামের শিক্ষাই হচ্ছে সুবিধা বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করা। জামায়াতে ইসলামী দীর্ঘদিন যাবত গন মানুষের অধিকার প্রতিষ্ঠা ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মানুষের ব্যাপক গনসমর্থন জামায়াতে ইসলামীর জনকল্যাণ ও সামাজিক কাজেরই স্বীকৃতি প্রদানের অংশ।
মঙ্গলবার বাদ আসর স্হানীয় এক মিলনায়তনে ওয়ার্ড সভাপতি আব্দুল্লাহ আল মাসুমের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে সূরা ও মহানগরী কর্ম পরিষদ সদস্য মোঃ জামাল উদ্দিন, বিমানবন্দর থানা আমীর অধ্যক্ষ মাওলানা এনামুল হক শিপন, থানা সেক্রেটারি সুজারুল হক সুজনসহ স্থানীয় ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।
