পবিত্র মাহে রমজান উপলক্ষে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন–কেইউজের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নিয়ে পেশাগত অধিকার, ঐক্য ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন।
শনিবার কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি ভবনের ৪র্থ তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি ওবায়দুর রহমান শাহীন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব কাদের গনি চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে-এর সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন এবং দপ্তর সম্পাদক মো. আবু বকর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন–কেইউজের সভাপতি মো. আব্দুর রাজ্জাক বাচ্চু। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামিম উল হাসান অপু।
আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের জনগণের আস্থা অর্জন করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার রক্ষা এবং পারস্পরিক ঐক্য সুদৃঢ় করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের ফলে সংবাদ পরিবেশনের ক্ষেত্রেও নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দায়িত্বশীল সাংবাদিকতা ও পেশাগত নীতিমালা মেনে কাজ করার বিকল্প নেই।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সাংবাদিক, অতিথি ও সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
