নয়াখবর
শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আখাউড়ায় জামায়াতের উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক
মার্চ ১১, ২০২৬ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

 

পবিত্র মাহে রমাদানের তাৎপর্য তুলে ধরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আখাউড়া উপজেলা শাখা। বুধবার আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ বোরহান উদ্দিন খান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মোবারক হোসেন আকন্দ। তিনি বলেন, পবিত্র মাহে রমাদান মুসলিম উম্মাহর জন্য তাকওয়া অর্জনের এক অনন্য সুযোগ। এ মাসে আত্মশুদ্ধি, সংযম, ধৈর্য ও মানবতার শিক্ষা গ্রহণের মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতার চর্চা জোরদার করতে হবে। তিনি রমাদানের শিক্ষাকে কাজে লাগিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর এর প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার বলেন, রমাদান কেবল সিয়াম সাধনার মাস নয়; এটি আত্মসংযম, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করারও মাস। সমাজে শান্তি, ন্যায়বিচার ও কল্যাণ প্রতিষ্ঠায় রমাদানের শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য খোরশেদ আলম,আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু,আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি শাহাদাৎ হোসেন লিটন, এনসিপি জেলা সদস্য আসিফ নেওয়াজ, শিবির সভাপতি শেখ আসিফ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সানাউল্লাহ,সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি। এছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), খেলাফতে মজলিস এবং এনসিপিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে ইফতারে অংশ নেন।