তৈরি পোশাকশিল্প (গার্মেন্টস) সেক্টরের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক সর্বনিম্ন গ্রেডে (গ্রেড-৪) ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণের সিদ্ধান্তে গভীর হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছে শ্রমিক মজলিস। তবে দেশের বৃহত্তর অর্থনীতি ও শিল্পের স্বার্থে আন্দোলনরত শ্রমিকদের শান্ত থেকে কাজে ফিরে যাওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মদ আবদুল করিম এবং সেক্রেটারি জেনারেল এইচ এম এরশাদ।
বুধবার এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় বোর্ডের সকল সদস্যের সর্বসম্মতিক্রমে সর্বোচ্চ গ্রেড (গ্রেড-১)-এ ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি গ্রেডের শ্রমিকদের প্রাপ্ত মজুরি সমন্বয়সাধনের প্রয়োজন হলে সেক্ষেত্রে ন্যূনতম ২ হাজার টাকা সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক শ্রমিক যে গ্রেডে কাজ করেন, সেই সর্বনিম্ন গ্রেড (গ্রেড-৪)-এ শ্রমিকপক্ষের প্রতিনিধিরা জীবনযাত্রার ব্যয় বিবেচনায় ন্যূনতম ১৮ হাজার টাকা মজুরির দাবি জানালেও সংখ্যাগরিষ্ঠের ভোটে (মালিকপক্ষের ২টি ও নিরপেক্ষ/সরকারি প্রতিনিধির ২টিসহ মোট ৪ ভোটের বিপরীতে শ্রমিকপক্ষের ২ ভোট) ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানের ১২ হাজার ৫০০ টাকা থেকে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ বাড়ানো হলেও বর্তমান বাজারদরের সাথে তা মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। শ্রমিকদের দাবিকৃত আর মাত্র ১ হাজার টাকা বাড়িয়ে ১৮ হাজার টাকা করা হলে মালিকপক্ষের খুব বেশি ক্ষতি হতো না, বরং শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে আসত।
বিবৃতিতে বৈষম্যের চিত্র তুলে ধরে নেতৃবৃন্দ আরও বলেন, একদিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে, যেখানে একজন সর্বনিম্ন স্তরের সরকারি কর্মচারীর বেতনও প্রায় ৩৬ হাজার টাকা। অথচ একজন গার্মেন্টস শ্রমিক ও একজন সরকারি কর্মচারী একই বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করেন এবং একই সমাজে বসবাস করেন। এই আকাশচুম্বী বৈষম্য ও মাত্র ১৭ হাজার টাকা বেতনে একজন শ্রমিকের পক্ষে পরিবার নিয়ে জীবন ধারণ করা অত্যন্ত কঠিন। নিরপেক্ষ ও সরকারি প্রতিনিধিরা শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে অবস্থান না নিয়ে মালিকপক্ষের প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ায় শ্রমিক সমাজ ব্যথিত হয়েছে।
এমতাবস্থায় দেশের রপ্তানি খাত ও শিল্পাঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় নেতৃবৃন্দ সকল গার্মেন্টস শ্রমিক ভাই-বোনদের ধৈর্য ধারণ করে শান্তিপূর্ণভাবে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি প্রতিবার মজুরি নির্ধারণ নিয়ে সৃষ্ট অস্থিরতা নিরসনে বাজারদর ও মুদ্রাস্ফীতির সাথে সঙ্গতি রেখে একটি বিজ্ঞানসম্মত ও স্থায়ী মজুরি কাঠামো গঠন করার দাবি জানান তারা। একইসাথে শ্রম আইনের যথাযথ বাস্তবায়ন করে কারখানার অর্জিত লভ্যাংশ বা মুনাফায় শ্রমিকদের ন্যায্য অংশীদারিত্ব নিশ্চিত করা এবং শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ আবাসন, রেশনিং ব্যবস্থা চালু ও চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে মালিক-শ্রমিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
