বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে কুষ্টিয়ার মাননীয় সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবার ও আত্মীয়-স্বজনদের ওপর একদল উশৃঙ্খল সন্ত্রাসীর বর্বরোচিত ও অনভিপ্রেত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ ৩ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন,
“পরিবারসহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে গত ১ জুন সোমবার আসরের নামাজের সময় হাসাদাহ বাজারে যেভাবে একজন সংসদ সদস্যের পরিবারের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে, তা অত্যন্ত ন্যক্কারজনক ও আইন-শৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ। এই হামলায় দৈনিক কালবেলার জীবননগর প্রতিনিধি ও এমপি মহোদয়ের শালা আবু বক্কর এবং গাড়িচালক সাদ্দাম হোসেন মারাত্মকভাবে আহত হয়েছেন। এমনকি নারী সদস্যদের সাথেও চরম অশোভন আচরণ ও গালমন্দ করা হয়েছে, যা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না।”
তিনি আরও বলেন, “প্রকাশ্যে দিবালোকে উক্ত এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান মোস্তাক, তার ছেলে শাহরিয়ার ও রিমনসহ চিহ্নিত ব্যক্তিরা এই হামলা চালিয়ে সমাজ ও রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা চালিয়েছে। একজন জনপ্রতিনিধির পরিবারই যেখানে নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা আজ কোথায় গিয়ে ঠেকেছে, তা সহজেই অনুমেয়।”
অবিলম্বে এই হামলার সাথে জড়িত মূল হোতা মোস্তাক, শাহরিয়ার ও রিমনসহ সকল অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমি জোর দাবি জানাচ্ছি। একই সাথে আমি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
