নয়াখবর
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বর্জ্য ব্যবস্থাপনাকে জলবায়ু কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করতে হবে — পরিবেশমন্ত্রী

তুরস্কের আনতালিয়া থেকে মোঃ আবু বকর
নভেম্বর ১৪, ২০২৬ ৬:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

বর্জ্য ব্যবস্থাপনাকে জলবায়ু কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করতে আহবান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা ও সম্পদের পুনর্ব্যবহারকে জলবায়ু পরিবর্তন মোকাবিলার মূলধারায় অন্তর্ভুক্ত করতে হবে। বিশেষ করে বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সার্কুলার ইকোনমি বা চক্রাকার অর্থনীতি শুধু পরিবেশ সংরক্ষণের বিষয় নয়, বরং জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, জনস্বাস্থ্য সুরক্ষা, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ মাধ্যম। এ খাতে কার্যকর পরিবর্তন আনতে আন্তর্জাতিক অর্থায়ন, আধুনিক প্রযুক্তি ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন।

(শুক্রবার তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ-৩১)-এর ব্লু জোনে বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম) আয়োজিত ‘Can Growth Outrun Waste?’ শীর্ষক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, বিশ্বে প্রতিবছর ১০০ বিলিয়ন টনের বেশি কাঁচামাল ও সম্পদ ব্যবহৃত হলেও এর ১০ শতাংশেরও কম পুনরায় ব্যবহারের আওতায় আসে। উৎপাদন ও ভোগব্যবস্থার এই বিশাল ব্যবধান পরিবেশের ওপর চাপ সৃষ্টি করছে এবং মূল্যবান সম্পদের অপচয় ঘটাচ্ছে। চক্রাকার অর্থনীতির মাধ্যমে এ পরিস্থিতি পরিবর্তনের পাশাপাশি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।

তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। বন্যার সময় ড্রেনেজ ব্যবস্থা ও বর্জ্য ফেলার স্থানগুলো ক্ষতিগ্রস্ত হলে তার সরাসরি প্রভাব পড়ে জনস্বাস্থ্য, পরিবেশ ও মানুষের জীবিকার ওপর। তাই বাংলাদেশের জন্য বর্জ্য ব্যবস্থাপনা জলবায়ু কার্যক্রমের পৃথক কোনো বিষয় নয়; বরং জলবায়ু অভিযোজন ও সহনশীলতা বৃদ্ধির একটি অপরিহার্য অংশ।

মন্ত্রী জানান, বাংলাদেশ ইতোমধ্যে বর্জ্য হ্রাস, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে থ্রি-আর (Reduce, Reuse, Recycle) কৌশল এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা প্রণয়ন করেছে। প্লাস্টিক বর্জ্যের জন্য সম্প্রসারিত উৎপাদক দায়বদ্ধতা (Extended Producer Responsibility-EPR) ব্যবস্থা তৈরি করা হয়েছে এবং ব্যবহৃত লেড-অ্যাসিড ব্যাটারির জন্যও একই ধরনের ব্যবস্থা প্রণয়নের কাজ চলছে।

তিনি আরও জানান, জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জে চিকিৎসা বর্জ্যের জন্য একটি সমন্বিত পরিশোধন স্থাপনা প্রতিষ্ঠা করেছে। এ উদ্যোগের মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিকভাবে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার সম্ভাবনা তৈরি হয়েছে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণের ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।

পরিবেশমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে চক্রাকার অর্থনীতিভিত্তিক ভবিষ্যৎ উন্নয়ন মডেল গ্রহণের অঙ্গীকার রয়েছে। এর আওতায় কঠিন বর্জ্য, চিকিৎসা বর্জ্য, বস্ত্রশিল্পের বর্জ্য এবং ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগ আকর্ষণের পরিকল্পনা রয়েছে। সারা দেশে বর্জ্য থেকে পুনর্ব্যবহারযোগ্য উপাদান পৃথক ও সংগ্রহের জন্য ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি (MRF) স্থাপন এবং প্রতিটি বিভাগে ই-বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণ কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনার অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে জলবায়ু সহনশীলতাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগ মোকাবিলায় সক্ষম অবকাঠামো গড়ে তোলা জরুরি। বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যায় এমন বর্জ্য ব্যবস্থাপনা স্থাপনা কখনো টেকসই বা জলবায়ু সহনশীল অবকাঠামো হতে পারে না।

প্লাস্টিক দূষণ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে পরিবেশমন্ত্রী জানান, গ্লোবাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপের (GPAP) সঙ্গে সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশে ন্যাশনাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপ (NPAP) কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আয়োজক প্রতিষ্ঠান হিসেবে এবং পরিবেশ অধিদপ্তর কারিগরি অংশীদার হিসেবে কাজ করছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে এ অংশীদারত্বের আওতায় প্লাস্টিক বর্জ্যের ভিত্তিমূলক সমীক্ষা ও কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ থাকলেও সরকার এখন আরও বিস্তৃত ও সমন্বিত কার্যক্রম গ্রহণের পরিকল্পনা করছে। এ লক্ষ্যে সরকার, শিল্প খাত ও উন্নয়ন সহযোগীদের নিয়ে একটি সরকারি-বেসরকারি স্টিয়ারিং গ্রুপ গঠনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্লাস্টিক দূষণ মোকাবিলার বিভিন্ন উদ্যোগ সমন্বয়, কাজের পুনরাবৃত্তি রোধ এবং বাস্তবায়ন পর্যায়ের প্রতিবন্ধকতা দ্রুত চিহ্নিত ও সমাধান করা সম্ভব হবে।

মন্ত্রী আরও বলেন, প্লাস্টিক দূষণ মোকাবিলায় আন্তর্জাতিক চুক্তির আলোচনায় পণ্যের নকশা ও উদ্বেগজনক রাসায়নিক পদার্থের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। ভবিষ্যতে এ-সংক্রান্ত বৈশ্বিক সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে সম্পদের দক্ষ ব্যবহার, পরিচ্ছন্ন উৎপাদন এবং পরিবেশবান্ধব পণ্য নকশায় বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। বাংলাদেশের প্লাস্টিক শিল্পনীতিকেও সে লক্ষ্যে এগিয়ে নেওয়া হচ্ছে।

বর্জ্য ব্যবস্থাপনা খাতে আন্তর্জাতিক অর্থায়নের ওপর গুরুত্বারোপ করে পরিবেশমন্ত্রী বলেন, বিশ্বে পরিচ্ছন্ন জ্বালানি খাতে বিনিয়োগ সহায়তার জন্য যেমন ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস গড়ে তোলা হয়েছে, তেমনি বর্জ্য ব্যবস্থাপনা খাতের জন্যও একটি বিশেষ আন্তর্জাতিক বিনিয়োগ প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করা প্রয়োজন। এ ব্যবস্থায় প্রথমে বর্জ্য উৎপাদন প্রতিরোধ এবং পরবর্তী পর্যায়ে বর্জ্য থেকে সম্পদ পুনরুদ্ধারকে অগ্রাধিকার দিতে হবে।

তিনি বলেন, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ও চক্রাকার অর্থনীতি বাস্তবায়নে বাংলাদেশের কারিগরি সহায়তা, অর্থায়ন এবং কার্যকর আন্তর্জাতিক অংশীদারত্ব প্রয়োজন। এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়, উন্নয়ন সহযোগী ও বেসরকারি খাতের সঙ্গে যৌথভাবে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের উদ্যোগে আয়োজিত উচ্চপর্যায়ের এ আলোচনায় চক্রাকার অর্থনীতির মাধ্যমে শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, সম্পদের দক্ষ ব্যবহার, বর্জ্য হ্রাস, সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের সার্কুলার ইকোনমি ট্রান্সফরমেশন অ্যান্ড গ্লোবাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপের পরিচালক ক্লেমেন্স স্মিডের সঞ্চালনায় প্যানেল আলোচনায় জার্মানির পরিবেশ ও জলবায়ুমন্ত্রী ড. হেইক হ্যানসহ সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 

পরিবেশ ও জলবায়ু সর্বশেষ