নয়াখবর
সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাতের সব প্রস্তুতি সম্পন্নঃ সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত জামাতে অংশ নিবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
মার্চ ১৬, ২০২৬ ১০:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ আবদুস সালাম। সোমবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে তিনি জানান, সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে নবনির্বাচিত প্রধানমন্ত্রী অংশ নেওয়ার কথা রয়েছে।

জাতীয় ঈদগাহের প্রস্তুতি ও সুযোগ-সুবিধা সম্পর্কে প্রশাসক জানান, এবার প্রায় ২৫,৪০০ বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট ঈদগাহ ময়দানে একসাথে প্রায় ৩৫,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এর মধ্যে মহিলাদের জন্য আলাদা প্রবেশ পথ ও পৃথক নামাজের সুব্যবস্থা রাখা হয়েছে।

জাতীয় ঈদগাহের প্রধান সুবিধাসমূহ:

★ প্যান্ডেল ও পরিবেশঃ প্রায় ২৫,৪০০ বর্গমিটার এলাকা জুড়ে প্যান্ডেল তৈরি করা হয়েছে। মুসল্লিদের আরামদায়ক ইবাদত নিশ্চিত করতে পর্যাপ্ত ফ্যান, লাইট এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) ব্যবস্থা করা হয়েছে।

★ বৃষ্টির প্রস্তুতিঃ বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে বৃষ্টি নিরোধক সামিয়ানা এবং দ্রুত পানি নিষ্কাশনের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

★ অজু ও স্বাস্থ্যসেবাঃ প্যান্ডেলের ভেতরে প্রায় ১৪০ জন মুসল্লির একসাথে অজু করার ব্যবস্থা করা হয়েছে। প্রবেশপথে ও ঈদগাহে পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থা থাকবে। এছাড়া জরুরি প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা সেবা এবং ভ্রাম্যমাণ টয়লেটের সুবিধা নিশ্চিত করা হয়েছে।

★ নিরাপত্তা ও শৃঙ্খলাঃ ময়দানে প্রবেশের জন্য ভিআইপি ও সাধারণ মুসল্লিদের জন্য মোট ৪টি ফটক এবং বাহির হওয়ার জন্য মোট ৭টি ফটক রাখা হয়েছে। পুরো এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি এবং ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ ব্যবস্থা সক্রিয় থাকবে।

প্রশাসক মো. আবদুস সালাম ঘোষণা করেন যে, এই প্রধান জামাতে মাননীয় প্রধানমন্ত্রী ছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, কূটনৈতিক ব্যক্তিবর্গ এবং সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ অংশ নেবেন।

মুসল্লিদের নির্বিঘ্নে ও পবিত্রতার সাথে নামাজ আদায়ের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন প্রশাসক। তবে নিরাপত্তার স্বার্থে কোনো প্রকার ধারালো সরঞ্জাম বা দাহ্য পদার্থ সঙ্গে না আনার জন্য তিনি মুসল্লিদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।

প্রশাসক নগরবাসীকে পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে জাতীয় ঈদগাহের এই সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে আয়োজিত প্রধান জামাতে অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানান।