নয়াখবর
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগে জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

অনলাইন ডেস্ক
অক্টোবর ২৭, ২০২৬ ১০:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগে জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ২৭ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, গাজীপুরে জাতীয় দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ, শারীরিক নির্যাতন, বিবস্ত্র করে আপত্তিকর ভিডিও ধারণ এবং এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, একজন সাংবাদিককে অপহরণ, শারীরিকভাবে নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন এবং আপত্তিকর ভিডিও ধারণের মাধ্যমে মুক্তিপণ আদায়ের যে অভিযোগ উঠেছে, তা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। সংবাদ সংগ্রহ ও প্রকাশের কারণে কোনো সাংবাদিককে এ ধরনের নির্যাতন ও হুমকির শিকার হতে হলে তা স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি। এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

সাংবাদিক মহিন উদ্দিন রিপনের অভিযোগ অনুযায়ী, তাঁকে অপহরণ করে এক কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে এবং মাদক ও সন্ত্রাসবিরোধী সংবাদ প্রকাশ না করার জন্য হুমকি দেওয়া হয়েছে। আমি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং ভুক্তভোগী সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তাঁর ধারণ করা কোনো আপত্তিকর ভিডিও বা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনকারী উপাদান যেন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে কিংবা নির্যাতন করে সত্য প্রকাশের পথ রুদ্ধ করার অপচেষ্টা বন্ধ করতে হবে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিক মহিন উদ্দিন রিপনের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।