নয়াখবর
সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নতুন সংসদের শুভেচ্ছা জানিয়েছেন রিহাব

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। ১৬ ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত রিহ্যাবের বোর্ড সভায় তাঁদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। বোর্ড সভায় আবাসন খাত থেকে নির্বাচিত ১০ জন সম্মানিত জাতীয় সংসদ সদস্যকেও অভিনন্দন জানানো হয়।

রিহ্যাবের পরিচালনা পর্ষদের সভায় নবনির্বাচিত ১০ জন সংসদ সদস্যদের এই অর্জনকে আবাসন খাতের জন্য একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়। সভায় বলা হয়, জাতীয় সংসদে আবাসন খাতের প্রতিনিধিত্ব বৃদ্ধি পাওয়ায় খাতের দীর্ঘদিনের বিভিন্ন নীতিগত জটিলতা, কর কাঠামোর সংস্কার, নগর পরিকল্পনা, ড্যাপ বাস্তবায়ন, ইউটিলিটি সংযোগ এবং অনুমোদন প্রক্রিয়ার জটিলতা নিরসনে কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের সুযোগ তৈরি হবে।

রিহ্যাব সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান তাঁর বক্তব্যে বলেন,“রিহ্যাব পরিবারের ১০ জন সদস্যের জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া আমাদের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয়। এটি কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং দেশের আবাসন শিল্পের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি হওয়ার ইঙ্গিত। আবাসন খাত দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে, কর্মসংস্থান সৃষ্টি, নির্মাণশিল্পের সম্প্রসারণ, সংশ্লিষ্ট উপখাতের বিকাশ এবং রাজস্ব আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংসদে সরাসরি প্রতিনিধিত্ব থাকায় আমরা আশা করি, খাতটির ন্যায্য দাবি ও সম্ভাবনাগুলো যথাযথ গুরুত্ব পাবে এবং বাস্তবমুখী নীতিগত সহায়তা নিশ্চিত হবে।”

রিহ্যাব প্রেসিডেন্ট ২ দিন পর গঠন হয়ে যাওয়া সরকারকে আগাম অভিনন্দন জানান। একই সাথে বিজিত বিরোধীদলকেও অভিনন্দন জানান। নবনির্বাচিত সংসদ সদস্যরা তাঁদের অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে এই দেশকে শক্তিশালী করবেন বলে প্রত্যাশা করেন।

বোর্ড সভায় রিহ্যাব এর অন্যা অন্যান্য ভাইস প্রেসিডেন্ট এবং পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নবনির্বাচিত সংসদ সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল দায়িত্বপালন কামনা করা হয় এবং দেশের উন্নয়ন অভিযাত্রায় তাঁদের কার্যকর ভূমিকার প্রত্যাশা করা হয়।