বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
এঁর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত
বিএনপি নেতা ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ ১৯৫৪ সালের ১ মে ঢাকার কদমতলী পশ্চিম, শ্যামপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আলহাজ্ব আঃ ব্যারেক সর্দার।
আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ ধোলাইপাড় উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং জগন্নাথ কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। শিক্ষাজীবন শেষ করে তিনি ব্যবসা এবং প্রকাশনা শিল্পের সাথে সম্পৃক্ত হন। তিনি ‘দৈনিক দেশ জনতা’ পত্রিকার মালিক ও সম্পাদক ছিলেন।
বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।
জনাব আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ এবং ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ-সদস্য নির্বাচিত হন। পঞ্চম জাতীয় সংসদে তিনি ডাক, ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
তিনি ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ-সদস্য নির্বাচিত হন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
সালাহউদ্দিন আহমেদ বিএনপি’র রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকায় বিএনপির জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন। সালাহউদ্দিন আহমেদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুকালে জনাব সালাহউদ্দিন তিন পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সালাহউদ্দিন আহমেদের ছেলে জনাব তানভীর আহমেদ রবিন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিএনপি’র এই ত্যাগী ও একনিষ্ঠ জাতীয়তাবাদী আদর্শের নেতা মরহুম সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্য মন্ত্রী এবং জাতীয় নেতৃবৃন্দ । তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।
