নয়াখবর
সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পানির ব্যবস্থা মেরামতে ২১ কেজি স্বর্ণ দিলেন রহস্যময় ব্যক্তি

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৮:০২ পূর্বাহ্ণ
Link Copied!

জাপানের একটি শহরের কর্তৃপক্ষ পানি সরবরাহের পুরোনো ব্যবস্থা মেরামতের জন্য বড় ধরনের অনুদান পেয়েছে। এর পরিমাণ ২১ কেজি স্বর্ণের বার। ওসাকা শহরের মেয়র হিদেয়ুকি ইয়োকোয়ামা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

ইয়োকোয়ামা বৃহস্পতিবার জানান, গত বছরের নভেম্বরে এক ব্যক্তি আনুমানিক ৫৬০ মিলিয়ন ইয়েন (প্রায় ৩ দশমিক ৬ মিলিয়ন ডলার) মূল্যের এই স্বর্ণের বারগুলো দান করেন। তিনি নিজের নাম প্রকাশ না করার অনুরোধ করেছেন।

ওসামা জাপানের কানসাই অঞ্চলের একটি বাণিজ্যিক কেন্দ্র এবং দেশের তৃতীয় বৃহত্তম শহর। বসবাস করেন প্রায় ৩০ লাখ মানুষ। দেশটির অনেক শহরের মতো ওসাকায় পানি ও পয়ঃনিষ্কাশন পাইপগুলো বেশ পুরোনো। যেটিকে স্থানীয়রা নিরাপত্তা উদ্বেগের কারণ হিসেবে দেখেন।

শহরের পানি সরবরাহ ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৪ অর্থবছরে ওসাকার রাস্তার নিচে ৯০টিরও বেশি পাইপ লিকেজের ঘটনা ঘটে। স্বর্ণ অনুদান সম্পর্কে বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র ইয়োকোয়ামা বলেন, ‘পুরোনো পানির পাইপ মেরামতের জন্য বড় বিনিয়োগ প্রয়োজন। তাই আমার কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই।’

অনুদানের পরিমাণকে বিস্ময়কর উল্লেখ করে ইয়োকোয়ামা বলেন, তিনি স্তম্ভিত হয়ে গেছেন। এই রহস্যময় দাতা এর আগে পৌরসভার পানি সরবরাহ কাজের জন্য নগদ ৫ লাখ ইয়েন দান করেছিলেন।

ওসাকা শহরের পানি সরবরাহ ব্যুরো বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই অনুদানের জন্য কৃতজ্ঞ। এটি জরাজীর্ণ পাইপ মেরামতের কাজে ব্যবহার করা হবে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জাপানের ২০ শতাংশেরও বেশি পানির পাইপের মেয়াদ ৪০ বছর পার হয়ে গেছে। তাই প্রায়ই শহরগুলোতে ‘সিঙ্কহোল’ বা মাটির নিচে গর্ত তৈরির ঘটনা ঘটে।