নয়াখবর
সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে দেশের শীর্ষ আলেমদের ঘোষণা

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ-এর উদ্যোগে সোমবার (০৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘গণভোট ও জাতীয় নির্বাচনে আলেম সমাজের ভাবনা’শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের শীর্ষস্থানীয় আলেম ও ধর্মীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে উক্ত সভায় জাতীয় গুরুত্বসম্পন্ন বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও প্রস্তাবনা গৃহীত হয়।

উস্তাজুল আসাতিজা সাইয়েদ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল সৈয়দ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী।

আলোচনা সভায় গৃহীত মূল সিদ্ধান্ত ও প্রস্তাবনাসমূহ:
১. নারী নির্যাতন ও সহিংসতার নিন্দা: সাম্প্রতিক সময়ে দেশে নারী নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আলেম সমাজ বলেন, ইসলাম নারীর সর্বোচ্চ মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করেছে। এসব ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

২. মনগড়া ফতোয়া প্রত্যাখ্যান: রাজনৈতিক হীন স্বার্থে কিছু স্বঘোষিত আলেমের ছড়ানো বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত ফতোয়াকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। নেতৃবৃন্দ বলেন, এসব ফতোয়ার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। সাধারণ জনগণকে মূলধারার আলেমদের বক্তব্যের ওপর আস্থা রাখার আহ্বান জানানো হয়।

৩. গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান: বর্তমান রাষ্ট্র সংস্কার ও সংবিধানের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আসন্ন জাতীয় গণভোটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে আলেম সমাজ চলমান উদ্যোগের সমর্থনে দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার তৈরির উদাত্ত আহ্বান জানান।

৪. বায়তুল মোকাররমের খতীবের বক্তব্য নিয়ে উদ্বেগ: জাতীয় মসজিদের খতীবের জুমার খুতবায় প্রকাশিত বিভ্রান্তিকর ও পক্ষপাতদুষ্ট বক্তব্যে ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় বলা হয়, খতীবের পদটি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, বরং তা জাতির আমানত। তার দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করা হয় এবং প্রয়োজনে খতীবের কার্যাবলী পুনর্বিবেচনার দাবি তোলা হয়।

৫. ভোট ক্রয়-বিক্রয় ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান: ১২ ফেব্রুয়ারি দুর্নীতির বিরুদ্ধে বিশেষ দিবস হিসেবে গুরুত্ব দিয়ে নেতৃবৃন্দ বলেন, ভোট ক্রয়-বিক্রয় ও জবরদখল করা সরাসরি হারাম। ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এসব অনৈতিক কর্মকাণ্ড বর্জন করতে ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়।

৬. শান্তি-শৃঙ্খলা ও নির্বাচনের পরিবেশ: আসন্ন নির্বাচনে যেকোনো প্রকার সহিংসতা রুখতে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে আলেম সমাজ আন্তরিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। তারা শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রশাসন ও জনগণের প্রতি আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মসজিদ মিশনের সভাপতি মাওলানা যাইনুল আবেদীন ও সেক্রেটারি জেনারেল ড. খলিলুর রহমান মাদানী, মাওলানা আব্দুল হালিম, ইসলামী কানুন বাস্তবায়ন কমিটির আমীর মাওলানা আবু তাহের জিহাদী, মুফতি কাজী মুহাম্মদ ইব্রাহীম, মাওলানা হাবীবুল্লাহ মো. কুতুবুদ্দীন, তানজীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল, মাওলানা হাবীবুল্লাহ রুমী, ড. মীম আতিকুল্লাহ, মুফতি মহিউদ্দীন এবং বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি মাওলানা লুৎফর রহমান প্রমুখ।

সম্মেলন শেষে আলেম সমাজ দেশের সংহতি ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন