নয়াখবর
সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের  রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আলহামুদি।

মঙ্গলবার  দুপুরে সচিবালয়ে মন্ত্রীর অফিসকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে তাঁরা দুদেশের মধ্যকার বিদ্যমান দীর্ঘদিনের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরো দৃঢ় ও অটুট রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।

এ বৈঠকে ধর্মীয় বিষয়ে সহযোগিতা জোরদার এবং বন্ধুত্বপূর্ণ দুটি দেশের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি উভয় দেশের জনগণের মধ্যে নিবিড় যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক বোঝাপড়া উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। তাঁরা ধর্মীয় সেবার আধুনিকায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিষয়ক সহায়তা কার্যক্রমকে আরো ফলপ্রসূ ও সময়োপযোগী করার লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ নিয়ে মতবিনিময় করেন।

এ সাক্ষাতে উভয় দেশ পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে
আরো সম্প্রসারিত ও কার্যকর পর্যায়ে উন্নীত করার বিষয়ে অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।